২৯ মার্চ, ১৯২১ তারিখে ভিক্টোরিয়ার আলবার্ট পার্ক এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, রাজনীতিবিদ, প্রশাসক ও সাংবাদিক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যানের দায়িত্ব পালন করে গেছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১.৮২ মিটার ও ৮০ কেজি ওজনের অধিকারী ছিলেন। নাছোরবান্দা ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়াও, বলকে উভয়দিক দিয়েই শূন্যে ভাসিয়ে বোলিং করতেন। সহজাত প্রকৃতির আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে খেলতেন। তবে, দীর্ঘ ইনিংস খেলতে পারেননি। ১৯৪৬-৪৭ মৌসুম থেকে ১৯৫৭-৫৮ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন।
১৯৪৮ থেকে ১৯৫১ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ১২ টেস্টে অংশ নিয়েছিলেন। এ সফরে বেশ কয়েকজন অস্ট্রেলীয় ক্রিকেটার সহস্র রানের মাইলফলক স্পর্শ করলেও আঘাতের কারণে শেষ দুই খেলা থেকে বিরত থাকলে ৯৭৩ রানে থেমে যান। ফ্রেডি ব্রাউনের বলে সুইপ করার চেষ্টাকালে নাকে চোট পান। ১৯৪৮ সালে অস্ট্রেলিয়ার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছিলেন। ১৯৪৭-৪৮ মৌসুমে নিজ দেশে লালা অমরনাথের নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ৬ ফেব্রুয়ারি, ১৯৪৮ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। লেন জনসন ও ডগ রিংয়ের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। দলের একমাত্র ইনিংসে ৮০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৬১ ও ১/১০ লাভ করেন। খেলায় তাঁর দল ইনিংস ও ১৭৭ রানে জয় পেলে ৪-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।
১৯৪৮ সালে ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন ‘অপরাজেয়’ দলের অন্যতম সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। এ সফরে বেশকিছু অবদান রাখেন। তবে, ১৯৪৯-৫০ মৌসুমে দক্ষিণ আফ্রিকা সফরেই অধিক সফল ছিলেন। ঐ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। লিন্ডসে হ্যাসেটের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ২৪ ডিসেম্বর, ১৯৪৯ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজস্ব প্রথম শতক হাঁকান। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১০১ রান তুলতে সোয়া দুই ঘণ্টা সময় ব্যয় করেছিলেন। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। কয়েকবার ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৯৩ রান অতিক্রম করেন। এ পর্যায়ে টেস্টে নিজস্ব প্রথম শতক হাঁকান। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২ ও ০/১১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ৮৫ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
পরবর্তী টেস্টগুলো নীল হার্ভে’র সাথে কিছু স্মরণীয় জুটি দাঁড় করিয়েছিলেন। কেপটাউনের দ্বিতীয় টেস্টে নীল হার্ভের (১৭৮) সাথে পঞ্চম উইকেটে ১৭৮ রানের জুটি গড়েন। তিনি ৩৫ রান সংগ্রহ করেছিলেন।
১৯৫০-৫১ মৌসুমে নিজ দেশে ফ্রেডি ব্রাউনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। এ সিরিজে অংশ নিলেও তেমন ভালো খেলেননি। ৫ জানুয়ারি, ১৯৫১ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১৭ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/১২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ১৩ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্ট সিরিজে পরিণত হয়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে চলে আসলেও ১৯৫৭-৫৮ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন।
ক্রিকেটের পাশাপাশি অস্ট্রেলিয়ান ফুটবলে দক্ষ ছিলেন। সেন্ট কিল্ডার পক্ষে খেলেছেন। তবে, ক্রিকেটার হিসেবেই অধিক পরিচিতি লাভ করেন। ১৯৭৯ সালে ক্রিকেটে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ রাণীর জন্মদিনের সম্মাননা হিসেবে ওবিই উপাধীতে ভূষিত হন।
ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ধাবিত হন। ১৯৭০-এর দশক থেকে ১৯৮০-এর দশকের শুরুরদিক পর্যন্ত অস্ট্রেলিয়া দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন। ৩ ডিসেম্বর, ২০১১ তারিখে কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট এলাকায় নিজ গৃহে ৯০ বছর ২৪৯ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। মৃত্যুকালীন অস্ট্রেলিয়ার বয়োজ্যেষ্ঠ জীবিত টেস্ট ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন। তাঁর মৃত্যুর ফলে আর্থার মরিস অস্ট্রেলিয়ার বয়োজ্যেষ্ঠ জীবিত টেস্ট ক্রিকেটারের অধিকারী হন। আর্থার মরিস তাঁর সম্পর্কে মন্তব্য করেন যে, তিনি বেশ প্রতিদ্বন্দ্বিতামুখর খেলোয়াড় ছিলেন ও দলের অমূল্য খেলোয়াড় ছিলেন। মাঠে বেশ মাতিয়ে রাখতেন।
