২৬ সেপ্টেম্বর, ১৯৯৮ তারিখে ফ্রি স্টেটের বেথলেহেম এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্টে অংশগ্রহণ করছেন।
গ্রে কলেজে অধ্যয়ন করেছেন। ভ্রমণপ্রিয় তিনি। এক পর্যায়ে তাঁকে শীর্ষসারির ব্যাটসম্যানরূপে চিত্রিত করা হলেও পরবর্তীতে মাঝারিসারির ব্যাটসম্যানে রূপান্তরিত হন। ধ্রুপদীশৈলীর ডানহাতি ব্যাটসম্যান হিসেবে শুরু থেকেই তাঁকে ভবিষ্যতের প্রোটীয় খেলোয়াড় হিসেবে চিহ্নিত হয়েছিলেন। বয়সভিত্তিক প্রত্যেক স্তরে ফ্রি স্টেটের পক্ষে নিয়মিতভাবে অংশ নেন। তবে, অনেকের ন্যায় যুব ক্রিকেটে তেমন প্রাধান্য বিস্তার করতে পারেননি।
২০১৬-১৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ফ্রি স্টেট, নাইটস ও নর্থ ওয়েস্টের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশ, দক্ষিণ আফ্রিকা ‘এ’, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯, দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৭, ফ্রি স্টেট অনূর্ধ্ব-১৭ ও ফ্রি স্টেট অনূর্ধ্ব-১৫ দলের পক্ষে খেলেছেন। নাইটস অনূর্ধ্ব-১৯/ক্লাব দলগুলোয় দারুণ খেলে অষ্টাদশ জন্মদিন উদযাপনের পর অক্টোবর, ২০১৬ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। ৬ অক্টোবর, ২০১৬ তারিখে বেনোনিতে ফ্রি স্টেট বনাম ইস্টার্নসের মধ্যকার খেলায় অংশগ্রহণের মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০১৮ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়ে সর্বপ্রথম স্বীয় দ্যূতি ছড়ান। দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কের দায়িত্ব থেকে রেকর্ডের সাথে নিজেকে যুক্ত করেন। ৩৪৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকার তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহকে পরিণত হন। ফলশ্রুতিতে, ঐ প্রতিযোগিতায় বিশ্বকাপ দলের অধিনায়ক হিসেবে মনোনীত হন।
২০২৩-২৪ মৌসুম থেকে দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। এ মৌসুমে নীল ব্রান্ডের অধিনায়কত্বে নিউজিল্যান্ড সফরে যান। দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজের প্রত্যেকটিতে অংশ নেন। ৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে মাউন্ট মুঙ্গানুইয়ে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ক্লাইড ফরচুন, এডওয়ার্ড মুর, নীল ব্রান্ড, রুয়ান ডি সোয়ার্ট ও টিশেপো মোরেকি’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০ ও ৩১ রান সংগ্রহ করে উভয় ইনিংসে কাইল জেমিসনের শিকারে পরিণত হয়েছিলেন। রচিন রবীন্দ্রের অসাধারণ দ্বি-শতকের কল্যাণে সফরকারীরা ২৮১ রানে পরাজিত হলে সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে হ্যামিল্টনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২০ ও ১৭ রান সংগ্রহ করেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, উইলিয়াম ও’রোর্কের অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা খেলায় ৭ উইকেটে জয়লাভসহ ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। এ সিরিজে তেমন সুবিধে করতে পারেননি।
