১৭ ফেব্রুয়ারি, ১৯৮৯ তারিখে ট্রান্সভালের প্রিটোরিয়ায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
মেনলোপার্কভিত্তিক হোরস্কুলে অধ্যয়ন করেছেন। ২০০৭-০৮ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে লায়ন্স, নর্থ ওয়েস্ট ও নর্দার্নসের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ইসলামাবাদ ইউনাইটেড, রাজস্থান রয়্যালস, সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস এবং ভ্যাঙ্কুভার নাইটসের পক্ষে খেলেছেন। ১৪ ফেব্রুয়ারি, ২০০৮ তারিখে প্রিটোরিয়ায় অনুষ্ঠিত গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট বনাম নর্দার্নসের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
গ্লোবাল টি২০ কানাডা প্রতিযোগিতার উদ্বোধনী আসরে ভ্যাঙ্কুভার নাইটসের পক্ষে খেলেন। ঐ প্রতিযোগিতায় শীর্ষ রান সংগ্রাহকে পরিণত হন। খেলাগুলো থেকে ২৩৫ রান তুলেছিলেন। এছাড়াও, ২০১৮ সালে মজানসি সুপারলীগ প্রতিযোগিতায় জডি স্টার্সের সদস্য ছিলেন। ৪৬৯ রান তুলে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রহকারী হন ও প্রতিযোগিতার উদ্বোধনী আসরে তাঁর দল জয়লাভ করে।
২০১৭-১৮ মৌসুমের সানফয়েল সিরিজে ১০ খেলা থেকে ৮৫৮ রান সংগ্রহ করেছিলেন। ২০১৮ সালের ক্যারিবীয় প্রিমিয়ার লীগ প্রতিযোগিতাকে ঘিরে সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টসের আঘাতের কারণে পরিবর্তিত খেলোয়াড় হিসেবে যুক্ত হন।
২০১৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশগ্রহণ করছেন। ৯ অক্টোবর, ২০১৮ তারিখে ইস্ট লন্ডনে অনুষ্ঠিত সফররত জিম্বাবুয়ের বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। ৪৪ বল মোকাবেলায় পাঁচটি চার ও একটি ছক্কার মারে ৫৬ রান তুলেন। ঐ খেলায় তাঁর দল ৩৪ রানে জয়লাভ করে।
বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা শুরুর কয়েকমাস পূর্বে ১৯ জানুয়ারি, ২০১৯ তারিখে পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে ওডিআইয়ে প্রথমবারের মতো অংশ নেন। স্মরণীয় ইনিংস খেললেও মাত্র ৭ রানের জন্যে শতক হাঁকানো থেকে বঞ্চিত হন। ১০১ বল মোকাবেলায় ছয়টি বাউন্ডারি ও তিনটি ছক্কার সহায়তা নিয়ে ৯৩ রানের ইনিংস খেলেছিলেন। তাসত্ত্বেও, তাঁর দল পাকিস্তানের কাছে ৫ উইকেটে পরাজিত হয়। ক্রমাগত ধারাবাহিক ক্রীড়াশৈলী প্রদর্শনে সুবাদে ইংল্যান্ডে অনুষ্ঠিত বড় ধরনের আসরে খেলার জন্য মনোনীত হন।
২০১৯-২০ মৌসুমে নিজ দেশে জো রুটের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। ২৬ ডিসেম্বর, ২০১৯ তারিখে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ডোয়াইন প্রিটোরিয়াসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৬ ও ৫১ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। কুইন্টন ডি ককের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়াশৈলীর কল্যাণে স্বাগতিকরা ১০৭ রানে জয় পেলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২৪ জানুয়ারি, ২০২০ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার স্বাক্ষর রাখেন। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৬৮ রান অতিক্রম করেন। খেলায় তিনি ০ ও ৯৮ রান সংগ্রহসহ চারটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। প্রতিপক্ষীয় মার্ক উডের অসাধারণ অল-রাউন্ড সাফল্যে স্বাগতিকরা ১৯১ রানে পরাভূত হলে ৩-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
২০২১ সালে প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট খেলেন। ঐ বছর ডিন এলগারের নেতৃত্বাধীন স্প্রিংবকের সাথে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। ১০ জুন, ২০২১ তারিখে গ্রোস আইলেটে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ১৫ রানে পৌঁছানোকালে টেস্টে ৫০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৪৬ রান সংগ্রহসহ তিনটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে, কুইন্টন ডি ককের অসাধারণ অপরাজিত শতকের কল্যাণে সফরকারীরা ইনিংস ও ৬৩ রানে জয় পেলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
২০২১-২২ মৌসুমে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে ডিন এলগারের নেতৃত্বাধীন স্প্রিংবকের সাথে নিউজিল্যান্ড গমন করেন। ১৭ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৮ ও ৯ রান সংগ্রহ করে উভয় ইনিংসে ম্যাট হেনরি’র শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ম্যাট হেনরি’র অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যে সফরকারীরা ইনিংস ও ২৭৬ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
২০২২-২৩ মৌসুমে ডিন এলগারের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া সফরে যান। ১৭ ডিসেম্বর, ২০২২ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৫ ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। ট্রাভিস হেডের অসাধারণ ব্যাটিংয়ের কল্যাণে সফরকারীরা ৬ উইকেটে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
২০ জুলাই, ২০২২ তারিখে আইসিসি প্রণীত ওডিআই র্যাঙ্কিং প্রথায় নিজস্ব সেরা তৃতীয় স্থানে অবস্থান করেন।
