৫ ফেব্রুয়ারি, ১৯৯৮ তারিখে হারারেতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ব্যাটিং করেন। এছাড়াও, লেগ-ব্রেক গুগলি বোলিংয়ে পারদর্শী। জিম্বাবুয়ের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন।
২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর জিম্বাবুয়ীয় ক্রিকেটে ম্যাশোনাল্যান্ড ঈগলসের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, লিচেস্টারশায়ার দ্বিতীয় একাদশ, সারে দ্বিতীয় একাদশ ও জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৭ দলের পক্ষে খেলেছেন। ২৯ মার্চ, ২০১৪ তারিখে হারারেতে অনুষ্ঠিত ম্যাশোনাল্যান্ড ঈগলসের সদস্যরূপে মাউন্টেনিয়ার্সের বিপক্ষে খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তাঁর অভিষেক ঘটে। এরপর, ২০১৭ ও ২০১৮ সালে সাসেক্স, সারে, নর্দাম্পটনশায়ার ও লিচেস্টারশায়ারের ন্যায় বেশ কয়েকটি কাউন্টির দ্বিতীয় একাদশের পক্ষে খেলেন। ২০১৯ সালে লাফবোরা এমসিসিইউ’র পক্ষে খেলার পর ২০২০ সালে টি২০ ব্ল্যাস্টে লিচেস্টারশায়ারের প্রথম একাদশে খেলে কোয়ার্টার-ফাইনালে নিয়ে যান। পাশাপাশি, চ্যাম্পিয়নশীপের দুইটি খেলায় অংশ নিয়েছিলেন।
২০২৩ সাল থেকে জিম্বাবুয়ের পক্ষে টেস্ট ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ২০২৪-২৫ মৌসুমে নিজ দেশে অ্যান্ডি বালবির্নি’র নেতৃত্বাধীন আইরিশ দলের মুখোমুখি হন। ২৪ জানুয়ারি, ২০২৫ তারিখে ভিনসেন্ট মাসেকেসা’র সাথে তাঁকে দলে যুক্ত করা হয়। ৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বুলাওয়েতে অনুষ্ঠিত সফররত আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। জোনাথন ক্যাম্পবেল ও নিয়াশা মেয়াভো’র সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। মাঠে উপস্থিত তাঁর পিতা সন্তানের অর্ধ-শতক উপভোগ করেন। খেলায় তিনি ৯০ ও ৫ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। অ্যান্ডি ম্যাকব্রায়ানের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যের কল্যাণে স্বাগতিকরা ৬৩ রানে পরাজিত হয়। টেস্টে অংশ নেয়ার পূর্বেই ২৪ অক্টোবর, ২০২৩ তারিখে উইন্ডহোকে অনুষ্ঠিত স্বাগতিক নামিবিয়ার বিপক্ষে টি২০আইয়ে প্রথম খেলেন।
২০২৫-২৬ মৌসুমে নিজ দেশে হাশমতউল্লাহ শাহীদি’র নেতৃত্বাধীন আফগান দলের মুখোমুখি হন। ২০ অক্টোবর, ২০২৫ তারিখে হারারেতে অনুষ্ঠিত সফররত আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৪৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ ও একটি রান-আউটের সাথে নিজেকে জড়ান। তবে, বেন কারেনের অসাধারণ ১২১ রানের কল্যাণে খেলায় স্বাগতিকরা ইনিংস ও ৭৩ রানে জয়লাভ করে।
