২৫ এপ্রিল, ১৯৮২ তারিখে বেডফোর্ডশায়ারের লাটন এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে প্রধান ভূমিকা রাখতেন। স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ইংল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
১৯৭০-এর দশকে তাঁর পিতা-মাতা লুধিয়ানা থেকে লাটনে চলে আসেন। ১৯৯২ সালে প্রথমবারের মতো নিজেকে সকলের সামনে পরিচিতি ঘটান। ১৯৯৮ সালে প্রথমবারের মতো দ্বিতীয় একাদশে ঠাঁই পান। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার অধিকারী মন্টি পানেসর বেডফোর্ড মডার্ন স্কুলসহ বেডফোর্ডশায়ারভিত্তিক স্টপলি হাই স্কুলে অধ্যয়ন করেছেন। এরপর, লাফবোরা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন।
২০০১ থেকে ২০১৬ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে এসেক্স, নর্দাম্পটনশায়ার ও সাসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ব্রিটিশ ইউনিভার্সিটিজ, ইংল্যান্ড লায়ন্স ও মেরিলেবোন ক্রিকেট ক্লাবের পক্ষে খেলেছেন। ২০০১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। ২০০৫ সালে নর্দাম্পটনশায়ারের পক্ষে ৪৬ উইকেটের সন্ধান পান। এরফলে দল নির্বাচকমণ্ডলীর দৃষ্টিগোচরে পড়েন ও টেস্ট দলে যুক্ত হন।
২০০৬ থেকে ২০১৩ সময়কালে ইংল্যান্ডের পক্ষে সর্বমোট ৫০ টেস্ট, ২৬টি ওডিআই ও একটিমাত্র টি২০আইয়ে অংশ নিয়েছেন। সব মিলিয়ে টেস্টে তিনি ১৬৭ উইকেট দখল করেছিলেন। ২০০৬ সালে ওল্ড ট্রাফোর্ডে সফররত পাকিস্তানের বিপক্ষে ৩/২১ ও ৫/৭২ লাভ করেন। ২০০৬-০৭ মৌসুমে পার্থে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫/৯২ ও ৩/১৪৫ পান।
২০০৫-০৬ মৌসুমে অ্যান্ড্রু ফ্লিনটফের নেতৃত্বাধীন ইংরেজ দলের সাথে ভারত গমন করেন। ১ মার্চ, ২০০৬ তারিখে নাগপুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। অ্যালাস্টেয়ার কুক ও ইয়ান ব্ল্যাকওয়েলের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। শেষ উইকেটে পল কলিংউডের সাথে ৬৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। এরপর, শৈশবকালের প্রথম পছন্দের তারকা ক্রিকেটার শচীন তেন্ডুলকরকে ৪৫ বলে ১৬ রান সংগ্রহ অবস্থায় এলবিডব্লিউতে বিদেয় করে নিজস্ব প্রথম উইকেট লাভ করেন। ঐ সিরিজে তিনি তাঁকে চারবার প্যাভিলিয়নে ফেরৎ পাঠান। সংখ্যার দিক দিয়ে অপরাপর বোলারের পর দ্বিতীয় স্থানে ছিলেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/৭৩ ও ১/৫৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ম্যাথু হগার্ডের দূর্দান্ত বোলিংশৈলী প্রদর্শন সত্ত্বেও খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় অগ্রসর হতে থাকে।
২০০৭-০৮ মৌসুমে মাইকেল ভনের নেতৃত্বাধীন ইংরেজ দলের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ২২ মার্চ, ২০০৮ তারিখে নেপিয়ারে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা সাফল্য ছিল ৬/১২৯। খেলায় তিনি ০/০ ও ৬/১২৬ লাভ করেন। এছাড়াও, একবার ব্যাট হাতে নিয়ে ১ রান সংগ্রহ করেছিলেন। তবে, রায়ান সাইডবটমের অসাধারণ কৃতিত্বে স্বাগতিকরা ১২১ রানে পরাজিত হলে ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
২০০৮ সালে নিজ দেশে ড্যানিয়েল ভেট্টোরি’র নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২৩ মে, ২০০৮ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। দূর্দান্ত ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রাখেন। বল হাতে নিয়ে ১/১০১ ও ৬/৩৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১ রান সংগ্রহ করেছিলেন। তাঁর অসাধারণ বোলিং সাফল্যে সফরকারীরা ৬ উইকেটে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। খেলায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।
২০১৩-১৪ মৌসুমে অ্যালাস্টেয়ার কুকের নেতৃত্বাধীন ইংরেজ দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ২৬ ডিসেম্বর, ২০১৩ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। বল হাতে নিয়ে ০/১৮ ও ১/৪১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ২ ও ০ রান সংগ্রহ করেছিলেন। তবে, মিচেল জনসনের অসাধারণ বোলিং সাফল্যে ঐ টেস্টে সফরকারীরা ৮ উইকেটে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৪-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
২৪ মে, ২০১৯ তারিখে মানসিক স্বাস্থ্য সম্পর্কীয় ঝুঁকিতে থাকার কথা বলেন ও খেলায় পুণরায় অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। ৪ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে মন্তব্য করেন যে, অ্যান্ড্রু ফ্লিনটফ তাঁকে টেস্ট ক্রিকেট খেলার সাহস জুগিয়েছেন। শচীন তেন্ডুলকরের বিপক্ষে করা বলটি শতাব্দীর সেরা বলের তালিকায় ২০ নম্বরে অবস্থান করে। ২০০১ সালে এনবিসি ডেনিস কম্পটন পদক লাভ করেন। ২০০৭ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন।
