৭ জানুয়ারি, ১৯১১ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার কেন্ট টাউন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, মিডিয়াম-পেস বোলিং কিংবা অফ-ব্রেক বোলিংয়ে দক্ষ ছিলেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
মারকুটে ব্যাটসম্যান ও মিডিয়াম-পেসার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ১৯৩০-৩১ মৌসুম থেকে ১৯৪৫-৪৬ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩৫-৩৬ মৌসুমে ওয়েস্ট টরেন্সের সদস্যরূপে পোর্ট এলিজাবেথের বিপক্ষে ২৩৯ রান তুলেন। অ্যাডিলেড ডিস্ট্রিক্ট প্রতিযোগিতায় রেকর্ড হিসেবে চিত্রিত হয়ে আছে।
১৯৩৯-৪০ মৌসুমে কুইন্সল্যান্ডের বিপক্ষে দল ৮২১/৭ তুলে ইনিংস ঘোষণা করে। এ পর্যায়ে তিনি ১৩৭ রান তুলেন। পরবর্তীতে, এটিই তাঁর খেলোয়াড়ী জীবনের একমাত্র শতক হিসেবে রয়ে যায়। পঞ্চম উইকেটে সি. এল. ব্যাডককের সাথে ২৮১ রানের জুটি দাঁড় করিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একই দলের বিপক্ষে সর্বশেষ খেলেন। ৪/১১ লাভ করলেও প্রতিপক্ষ দল পাঁচ উইকেটে জয় পায়।
১৯৩৮ সালে অস্ট্রেলিয়ার পক্ষে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। উভয় টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। লিডস ও ওভাল টেস্টে বোলিং উদ্বোধনে নেমেছিলেন। ঐ বছর অ্যাশেজ সিরিজ খেলতে ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন অজি দলের সাথে ইংল্যান্ড সফরে যান। ২২ জুলাই, ১৯৩৮ তারিখে লিডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি বল হাতে নিয়ে ০/৩১ ও ০/৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ৩ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ৫ উইকেটে জয়লাভ করে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
একই সফরের ২০ আগস্ট, ১৯৩৮ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। লেন হাটনের বদান্যতায় ওভাল টেস্টে স্বাগতিক দলের সংগ্রহ ৯০৩/৭ তুলে ইনিংস ঘোষণাকালীন তাঁর বোলিং বিশ্লেষণ ছিল ৭২-১৬-১৫০-১। দলের সংগ্রহ ৫৪৭/৪ থাকাকালীন ডেনিস কম্পটনকে ১ রানে বিদেয় করে উইকেটটি লাভ করেছিলেন। এছাড়াও, ঐ টেস্টে তিনি ৮ ও ০ রান সংগ্রহ করেছিলেন। এ সফরে অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ২৫.৩৩ গড়ে ৬৮৪ রান ও ২৫.৯৬ গড়ে ৫৬ উইকেট দখল করেছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ৫৭৯ রানে জয়লাভ করলে সিরিজটি ১-১ ব্যবধানে শেষ করতে সক্ষম হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
সবগুলো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়ে ২৭.৭৭ গড়ে ৩৮৮৮ রান ও ৩১.৬১ গড়ে ১৯২ উইকট দখল করেছিলেন। এছাড়াও, ৬৬ ক্যাচ তালুবন্দী করেছিলেন।
ক্রিকেটের পাশাপাশি অস্ট্রেলিয়ান ফুটবলে দক্ষ ছিলেন। ওয়েস্ট টরেন্স ও গ্লেনেল্গের প্রতিনিধিত্ব করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সংক্ষিপ্ত সময়ের জন্যে সাউথ অ্যাডিলেডে খেলেন। ১৬ ডিসেম্বর, ১৯৮৫ তারিখে সাউথ অস্টেলিয়ার জর্জটাউন এলাকায় ৭৪ বছর ৩৪৩ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
