২৪ অক্টোবর, ১৯৯৬ তারিখে ল্যাঙ্কাশায়ারের বোল্টনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে খেলছেন। লেগ-ব্রেক বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। ইংল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
বোল্টন স্কুলে অধ্যয়ন করেছেন। ইংল্যান্ডের অন্যতম সেরা লেগ-স্পিনার হিসেবে বিবেচিত হচ্ছেন। ২০১৬ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ইংল্যান্ড লায়ন্স, ম্যানচেস্টার অরিজিনালস, পেশাওয়ার জালমি ও স্টাফোর্ডশায়ারের পক্ষে খেলেছেন। ২০ জুন, ২০১৬ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত ল্যাঙ্কাশায়ার বনাম ওয়ারউইকশায়ারের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। অভিষেকেই পাঁচ-উইকেট লাভের কৃতিত্ব প্রদর্শন করেন। এরফলে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় ইংরেজ লেগ-স্পিনার হিসেবে এ দূর্লভ কৃতিত্বের সাথে নিজেকে জড়ান। এছাড়াও, ল্যাঙ্কাশায়ারের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পাঁচ-উইকেট লাভ করে রেকর্ড গড়েন।
দলে যুক্ত হবার পর থেকে সকল স্তরের ক্রিকেটে অংশ নিচ্ছেন। রিস্ট স্পিনার হিসেবে ক্ষুদ্রতর সংস্করণের খেলায় দলের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছেন। আগ্রাসী ব্যাটসম্যানদের প্রলুদ্ধ করে উইকেট পাচ্ছেন। মসৃণ বোলিং ভঙ্গীমা ও বিভ্রান্তিকরণ গুগলি প্রয়োজনে ব্যবহার করেন। বিস্ময়করভাবে বোলিংয়ে অসম্ভব নিখুঁততা বজায় রাখেন। আলতো বলে দারুণ দক্ষতার সুবাদে লাল-বলের ক্রিকেটের উপযোগী করে তুলেছেন। শুরুতে তাঁকে কেবল টি২০ ক্রিকেটের উপযোগী হিসেবে বিবেচনায় আনা হলেও অন্যান্য স্তরের ক্রিকেটে নিজেকে গড়ে তুলেছেন। ২০১৯ সালের শেষদিকে নিউজিল্যান্ড সফরে যুক্ত হবার উদ্দেশ্যে দলে অন্তর্ভুক্ত করা হয়।
২০১৯ সাল থেকে ইংল্যান্ডের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। ৫ নভেম্বর, ২০১৯ তারিখে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট জীবনে প্রবেশ করেন। প্রথম ওভারেই উইকেট লাভ করেন। এরপর, দ্বিতীয় খেলায় চার উইকেট লাভ করে দলের সিরিজ বিজয়ে অংশ নেন। ঐ মৌসুমের শীতকালে দক্ষিণ আফ্রিকায় ওডিআইয়ে প্রথম অংশ নেন।
২০২২ সালে নিজ দেশে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২ জুন, ২০২২ তারিখে লর্ডসে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ম্যাথু পটসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। দ্বিতীয় ইনিংসে ৩৬.১ ওভারে খেলা চলাকালীন জ্যাক লিচের পরিবর্তে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে অংশ নেন। খেলায় তিনি ৮ রান সংগ্রহ করেছিলেন। টিম সাউদিকে বিদেয় করে নিজের প্রথম টেস্ট উইকেটের সন্ধান পান। এছাড়াও, ১/৪৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, জো রুটের অসাধারণ শতকের কল্যাণে স্বাগতিকরা ৫ উইকেটে জয়ী হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
তাঁর যমজ ভ্রাতা কলাম পার্কিনসন বামহাতি স্পিনার হিসেবে লিচেস্টারশায়ারের পক্ষে খেলছেন।
