৫ জুন, ১৯৩৬ তারিখে কেপ প্রভিন্সের ককস্টাড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
কেপটাউন বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নকালীন প্রথমবারের মতো নিজের পরিচিতি ঘটান। ১৯৬১-৬২ মৌসুমে সফররত নিউজিল্যান্ডীয় একাদশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার বিশ্ববিদ্যালয় দলের সদস্যরূপে খেলেন। ঐ খেলায় ১২ উইকেট দখল করেন। তন্মধ্যে, প্রথম-ইনিংসে ব্যক্তিগত সেরা ৭/৮০ পেয়েছিলেন। এরপর, দ্বিতীয় ইনিংসে ৫/৭২ লাভ করেন। ১৯৬০-৬১ মৌসুম থেকে ১৯৬৯-৭০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্সের প্রতিনিধিত্ব করেছেন। দলের নিয়মিত খেলোয়াড়ের মর্যাদা লাভ করেছিলেন।
১৯৬৩ থেকে ১৯৭০ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে সাতটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। তবে, তেমন আশানুরূপ ক্রীড়া নৈপুণ্যের ছাঁপ ফেলতে পারেননি। ১৯৬৩-৬৪ মৌসুমে ট্রেভর গডার্ডের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ৬ ডিসেম্বর, ১৯৬৩ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ডেভিড পিদি, ডেনিস লিন্ডসে, জো পারট্রিজ, পিটার ফন ডার মারউই ও গ্রায়েম পোলকের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ০/৩৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ১০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৬৯-৭০ মৌসুমে নিজ দেশে বিল লরি’র নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২২ জানুয়ারি, ১৯৭০ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১/২৮ ও ১/৪০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, উভয় ইনিংসে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। স্বাগতিকরা ১৭০ রানে জয় পেলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
সব মিলিয়ে ১১১টি প্রথম-শ্রেণীর উইকেটের সন্ধান পেয়েছেন। ক্রিকেটের বাইরে চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে কেপটাউনে ৮২ বছর ২৫৭ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
