৯ নভেম্বর, ১৮৮২ তারিখে নটিংহ্যামশায়ারের কির্কবি-ইন-অ্যাশফিল্ড এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাশাপাশি সীমানা অঞ্চলে ফিল্ডিং করতেন। ১৯০০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ক্রিকেটপ্রিয় পরিবারের সন্তান ছিলেন। ১৯০২ সালে কোল্টস দ্বাবিংশতিতম দলের পক্ষে খেলার জন্যে মনোনীত হন। একই মৌসুমে ট্রেন্ট ব্রিজের কর্মী হিসেবে তাঁর ঠাঁই হয়। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০২ থেকে ১৯২৬ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ডানহাতি ব্যাটসম্যান হিসেবে উইকেটের সর্বত্র স্বতঃস্ফূর্তভাবে রান সংগ্রহে তৎপরতা দেখিয়েছেন। এছাড়াও, রক্ষণাত্মক ক্রীড়াশৈলী প্রদর্শনেও যথেষ্ট জ্ঞান রাখতেন। ২০ বছর নটিংহ্যামশায়ার একাদশের নিয়মিত খেলোয়াড় ছিলেন।
১৯০২ সালের আগস্টে ওল্ড ট্রাফোর্ডে বছরের শেষ খেলায় ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। ১৯০৪ সালে প্রথম একাদশ দলের নিয়মিত সদস্যের মর্যাদা পান। শুরুরদিকের মৌসুমগুলোয় মাঝারিসারিতে বিশেষতঃ পাঁচ কিংবা ছয় নম্বর অবস্থানে মাঠে নামতেন। অধিকাংশ ক্ষেত্রেই অপরাজিত থাকার সুবাদে তাঁর ব্যাটিং গড়ও বেশ ভালোমানের ছিল। ১৯০৬ সালে প্রথম-শ্রেণীর খেলাগুলোয় অংশ নিয়ে প্রথমবারের মতো এক মৌসুমে সহস্র রানের মাইলফলক স্পর্শ করেন। তবে, ১৯০৮ সালে কেবলমাত্র নটিংহ্যামশায়ারের পক্ষে খেলে এ লক্ষ্য অর্জন করেন ও কাউন্টি গড়ে শীর্ষে ছিলেন।
১৯০৭ থেকে ১৯০৮ সময়কালে ইংল্যান্ডের পক্ষে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই ১৯০৭-০৮ মৌসুমে ফ্রেডরিক ফেনের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে অস্ট্রেলিয়া সফরে খেলেছিলেন। ১৩ ডিসেম্বর, ১৯০৭ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। জর্জ গান, কেনেথ হাচিংস ও ডিক ইয়ংয়ের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১২ ও ৬৩ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ২ উইকেটে পরাজয়বরণ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
২১ ফেব্রুয়ারি, ১৯০৮ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ১৭ ও ৮ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে জ্যাক সন্ডার্সের শিকারে পরিণত হয়েছিলেন। ৪৯ রানে জয়লাভ করে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। টেস্টগুলো থেকে ৩১.১০ গড়ে রান তুলেছিলেন ও ব্যক্তিগত সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলেন।
নটিংহ্যামশায়ারে ফিরে আসার পর কির্কবি-ইন-অ্যাশফিল্ডের অধিবাসীরা তাঁকে সম্বর্ধিত করেন। জুন, ১৯২৬ সালে লর্ডসে এমসিসি বনাম ওয়েলসের মধ্যকার প্রথম-শ্রেণীর ক্রিকেটে সর্বশেষ অংশ নেন।
ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলায় দক্ষ ছিলেন। নটিংহাম ফরেস্টের পক্ষে মাঝে-মধ্যে খেলতেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেছেন। ১৯২৭ সাল থেকে প্রথম-শ্রেণীর আম্পায়ার হিসেব যোগ দেন। ১৯২৮ থেকে ১৯৩৫ সময়কালে ১৭ টেস্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেন। এ পর্যায়ে সন্তান ইংল্যান্ডের পক্ষে খেললে তিনি দায়িত্বের বাইরে থাকেন। সব মিলিয়ে ২১ টেস্টে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন।
২ এপ্রিল, ১৯৪৭ তারিখে নটিংহ্যামশায়ারের নানকারগেট এলাকায় নিজ গৃহে আকস্মিকভাবে ৬৪ বছর ১৪৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। জোসেফ হার্ডস্টাফ নামীয় নটিংহ্যামশায়ার ও ইংল্যান্ড দলের ক্রিকেটারের জনক ছিলেন।
