২৭ মে, ১৯৫৫ তারিখে নেলসনে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। এছাড়াও, ডানহাতে কার্যকর ব্যাটিং করতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
১৯৭০-এর দশকের শেষ দিক থেকে শুরু করে ১৯৮০-এর দশকের সূচনাকাল পর্যন্ত নিউজিল্যান্ডের পক্ষে আট টেস্টে অংশ নিয়েছিলেন। খর্বকায় গড়নের অধিকারী ছিলেন। দলে মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। ডানহাতে মারকূটে ব্যাটিংয়ের কারণে সবিশেষ পরিচিতি লাভ করেন।
১৯৭৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে আটটিমাত্র টেস্ট ও ছয়টিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৭৬-৭৭ মৌসুমে নিজ দেশে গ্রেগ চ্যাপেলের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১৮ ফেব্রুয়ারি, ১৯৭৭ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলেন। ৩৪ ও ১৫ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ২৫ ফেব্রুয়ারি, ১৯৭৭ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৩৪ রান অতিক্রম করেন। খেলায় তিনি ৫১ ও ০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। সফরকারীরা প্রায় দুইদিন বাকী থাকতেই ১০ উইকেটে জয় তুলে নিলে ১-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
১৯৭৭-৭৮ মৌসুমে উইকেট-রক্ষক-ব্যাটসম্যান হিসেবে পুণরায় তাঁকে দলে ফিরিয়ে আনা হয়। অকল্যান্ডে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ঐ টেস্টে ৫৫ ও ৫৪ রানের ইনিংস খেলেছিলেন। ফলশ্রুতিতে, ১৯৭৮ সালে ইংল্যান্ড গমনার্থে নিউজিল্যান্ড দলে তাঁকে রাখা হয়। তবে, ঐ সফরে সকলকে নিরাশ করেন। বিবিসি’র ধারাভাষ্যকার দলের জনৈক সদস্য তাঁকে সর্বাপেক্ষা বাজে উইকেট-রক্ষক হিসেবে মন্তব্য করেন। ভুলের কারণে তাঁকে তৃতীয় একাদশের উইকেট-রক্ষকের উপযোগী হিসেবে বলা হয়।
তবে, তিনি উজ্জ্বীবিত হন ও অন্যতম ভ্রমণকারী হিসেবে পরিচিতি পান। দেশে ফিরে ১৯৮০-৮১ মৌসুমে সুনীল গাভাস্কারের নেতৃত্বাধীন ভারতীয় দলের বিপক্ষে তিন টেস্টে অংশ নেন। বেশ রান সংগ্রহ করেছিলেন। কিন্তু, উদীয়মান ইয়ান স্মিথের উত্থানে তাঁর আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে।
একই সফরের ১৩ মার্চ, ১৯৮১ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ৩৪ ও ৪৭ রান সংগ্রহ করেছিলেন। রবি শাস্ত্রী’র প্রাণান্তঃকর বোলিংশৈলী প্রদর্শন সত্ত্বেও খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
৬ এপ্রিল, ২০২০ তারিখে ৬৪ বছর ৩১৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
