৫ মে, ১৯৬২ তারিখে ইয়র্কশায়ারের স্কিপটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, প্রশাসক, আম্পায়ার ও রেফারি। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। ১৯৮০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
আপিংহাম স্কুলে অধ্যয়ন করেন। সেখানে লিচেস্টারশায়ারের অধিনায়ক মরিস হলাম প্রশিক্ষণ দিতেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে লিচেস্টারশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। পুরো কাউন্টি ক্রিকেট জীবনই দলটির সাথে পাড় করেন। ১৯৮৩ থেকে ১৯৯৯ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। তন্মধ্যে, ১৯৯৬ সালের কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা বিজয়ী লিচেস্টারশায়ার অন্যতম দলের সদস্য ছিলেন।
১৯৮৩ সালে লিচেস্টারশায়ারে যোগ দেন। এরপর থেকে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত ক্লাবে খেলেন। ঘরোয়া ক্রিকেটে নিয়মিতভাবে রানের সন্ধান পেয়েছেন। চার বছর ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ৬৬ খেলা থেকে ১৫২৬ রান তুলে ব্যাটিং গড়ে শীর্ষে ছিলেন। ১৯৮৬ সালে শীর্ষস্থানীয় ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়া সফরের জন্যে আমন্ত্রণ বার্তা লাভ করেন।
১৯৮৬ থেকে ১৯৮৭ সময়কালে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্ট ও দুইটিমাত্র ওডিআইয়ে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। ১৯৮৬-৮৭ মৌসুমে অ্যাশেজ সিরিজে ঐ টেস্টটি খেলেছিলেন। ঐ মৌসুমে মাইক গ্যাটিংয়ের নেতৃত্বাধীন ইংরেজ দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ১২ ডিসেম্বর, ১৯৮৬ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি একবার ব্যাট হাতে নামার সুযোগ পান। ১১ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। প্রতিপক্ষীয় অধিনায়ক অ্যালান বর্ডারের ব্যাটিং দৃঢ়তায় খেলাটি ড্রয়ে পরিণত হলেও পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটিতে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে যায়। আঘাতের কবলে পড়া ইয়ান বোথামের স্থলাভিষিক্ত হয়েছিলেন। এরপর, তাঁর খেলার সুযোগ বেশ স্তিমিত হয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
পরের বছর দলের সাথে শারজা গমন করে দুই খেলায় অংশগ্রহণ করেন। ২ এপ্রিল, ১৯৮৭ তারিখে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ওডিআইয়ে অংশ নেন। ২৪ বছর বয়সে এসেই তাঁর আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবন থেমে পড়ে। পনেরো বছরের অধিক সময় লিচেস্টারশায়ারের পক্ষে খেলার পর ১৯৯৯ সালে ক্রিকেট জগৎ থেকে অবসর গ্রহণ করেন। ৩৭ শতক সহযোগে প্রায় সতেরো হাজার রান তুলেছেন। কেবলমাত্র লেস বেরি তাঁর চেয়ে অধিক শতক হাঁকিয়েছিলেন। ব্যক্তিগত সর্বোচ্চ ২১৮ রান তুলেন।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর আম্পায়ারিংয়ের দিকে ঝুঁকে পড়েন। ২০টি প্রথম-শ্রেণীর ক্রিকেটে রেফারির দায়িত্ব পালন করেছেন। লিচেস্টারশায়ারের কোচের দায়িত্ব পালন করেন ও পরিচালক হিসেবে মনোনীত হন। এক পর্যায়ে প্রশাসনের দিকে ধাবিত হন। ২০১৩ সালে ইসিবি কর্তৃক ইংল্যান্ড দল নির্বাচকমণ্ডলীর সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন। দল নির্বাচকের দায়িত্ব পালনকালে চারবার ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের সাথে নিজেকে জড়ান। এছাড়াও, আইসিসির বৈশ্বিক প্রতিযোগিতায় ইংল্যান্ড দল প্রথম শিরোপা পায়। ২০১০ সালের টি২০ বিশ্বকাপের শিরোপা দলটি লাভ করেছিলেন। প্রায় দশ বছর এ দায়িত্ব পালনের পর তিনি এ দায়িত্ব থেকে অব্যহতি নেন।
অবসর গ্রহণের পর নৈশভোজন পরবর্তী বক্তার ভূমিকায় অবতীর্ণ হন।
