২১ মার্চ, ১৮৭৬ তারিখে ভিক্টোরিয়ার মেলবোর্নে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। বামহাতে মিডিয়াম কিংবা স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ের পাশাপাশি বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯০০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ইংরেজ বংশোদ্ভূত জাহাজঘাটের মুটে জন সন্ডার্স ও অস্ট্রেলীয় মেরি দম্পতির পুত্র ছিলেন। কার্লটন ও নর্থ মেলবোর্নের পক্ষে ডিস্ট্রিক্ট ক্রিকেটে খেলেন। ১৮৯৯-১৯০০ মৌসুম থেকে ১৯১৩-১৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া এবং নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওয়েলিংটনের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৯৯-২০০০ মৌসুমে লেগ-স্পিন বোলার হিসেবে ভিক্টোরিয়ার পক্ষে প্রথমবারের মতো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। খুব দ্রুত তিনি পরিচিতি পান। নিউ সাউথ ওয়েলসের বিপক্ষে ১৩০ রান খরচায় ১১ উইকেট লাভের কল্যাণে অস্ট্রেলিয়া দলে তাঁকে যুক্ত করা হয়।
১৯০২ থেকে ১৯০৮ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ১৪ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯০১-০২ মৌসুমে নিজ দেশে আর্চি ম্যাকলারিনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১৪ ফেব্রুয়ারি, ১৯০২ তারিখে সিডনির এসসিজিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। বার্ট হপকিন্সের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। অসাধারণ খেলা উপহার দেন। ১৬২ রান খরচায় ৯ উইকেট দখলের কল্যাণে অস্ট্রেলিয়া দল জয় পায়। কিন্তু, পঞ্চম টেস্টে জে. এফ. ট্রাভার্সকে অগ্রাধিকার দিলে তিনি উপেক্ষিত হন। খেলায় তিনি ৪/১১৯ ও ৫/৪৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে লেন ব্রন্ডের বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। স্বাগতিকরা ৭ উইকেটে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যায়।
১৯০২ সালে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ইংল্যান্ড সফরে যাবার সুযোগ পান। উইজডেনে তাঁর ভেজা আবহাওয়ায় পর্যাপ্ত সফলতার কথা উল্লেখ করা হয়। শেফিল্ডে প্রথম ইনিংসে ৫/৫০ নিয়ে অস্ট্রেলিয়ার একমাত্র বিজয়ে ভূমিকা রাখেন। ওল্ড ট্রাফোর্ডে সিরিজের চতুর্থ টেস্টে বিভ্রান্তিপূর্ণ বলে ফ্রেড টেটকে বিদেয় করে দলকে তিন রানের নাটকীয় বিজয় এনে দেন ও বেশ সুনাম কুড়ান। ব্যাট হাতে মোটেই সুবিধের ছিলেন না। টেস্টে গড়ে ২.২৯ রান তুলেছেন। পরবর্তীতে মজার ছলে তিনি মন্তব্য করেছিলেন যে, প্রথম ইনিংসে তাঁর সংগৃহীত তিন রানই অস্ট্রেলিয়াকে জয় এনে দিয়েছিল।
এরপর, ১১ আগস্ট, ১৯০২ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ০ ও ২ রান সংগ্রহ করেছিলেন। পাশাপাশি, ২/৭৯ ও ৪/১০৫ লাভ করেন। সফরকারীরা ১ উইকেটে পরাজিত হলেও ২-১ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
১৯০২-০৩ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ১৮ অক্টোবর, ১৯০২ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে জে মিডলটনকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৫/৪৩। খেলায় তিনি ২/৩২ ও ৭/৩৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ০* ও ১ রান সংগ্রহ করেছিলেন। ১৫৯ রানে পরাজিত হলে স্বাগতিকরা তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টে অংশ নিয়ে পনেরো উইকেটের সন্ধান পান।
১৯০৩-০৪ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তেমন সফল হননি। ফলশ্রুতিতে, পরের বছর বিদেশ সফরে যেতে পারেননি।
১৯০৭-০৮ মৌসুমে নিজ দেশে ফ্রেডরিক ফেনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২১ ফেব্রুয়ারি, ১৯০৮ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি উভয় ইনিংসে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৩/১১৪ ও ৫/৮২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। ৪৯ রানে জয়লাভ করে স্বাগতিকরা ৪-১ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
২১ ডিসেম্বর, ১৯২৭ তারিখে ভিক্টোরিয়ার টুরাক এলাকায় ৫১ বছর ২৭৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
