২৮ ডিসেম্বর, ১৯১০ তারিখে মানাওয়াতুর ড্যানভার্কে জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও প্রশাসক ছিলেন। মূলতঃ শীর্ষসারিতে ব্যাটিং করতেন। ডানহাতে ব্যাটিংকর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৩০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
শৃঙ্খলাবদ্ধ জীবনের অধিকারী ছিলেন। কঠোর পরিশ্রমী ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। পুরো খেলোয়াড়ী জীবনে দলের সঙ্কটময় মুহূর্তে নিজেকে মেলে ধরতে সচেষ্ট ছিলেন। সর্বদা বড় ধরনের ইনিংস খেলতে না পারলেও প্রচণ্ড সামলে নেয়ার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতেন। পুরনো ধাঁচের উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। নতুন বল মোকাবেলার ক্ষেত্রে দারুণ খেলতেন। ১৯২৯-৩০ মৌসুম থেকে ১৯৪২-৪৩ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ক্যান্টারবারির প্রতিনিধিত্ব করেছেন।
১৯৩১ থেকে ১৯৩৭ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে সাতটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পান। ১৯৩১ সালে টম লরি’র নেতৃত্বাধীন নিউজিল্যান্ড দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। এটিই নিউজিল্যান্ড দলের প্রথম বিদেশ সফর ছিল। ২৭ জুন, ১৯৩১ তারিখে লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ইয়ান ক্রম্বের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। মোটেই সুবিধে করতে পারেননি। ২ ও ০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। তবে খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
১৯৩১-৩২ মৌসুমে নিজ দেশে প্রথমবারের মতো টেস্ট খেলেন। ঐ মৌসুমে জক ক্যামেরনের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২৭ ফেব্রুয়ারি, ১৯৩২ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অংশ নেন। স্মর্তব্য যে, নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার এটিই প্রথম টেস্ট ছিল। খেলায় তিনি ০ ও ৩ রান সংগ্রহ করতে পেরেছিলেন। খেলায় স্বাগতিকরা ইনিংস ও ১২ রানে পরাভূত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
এছাড়াও, ১৯৩৭ সালে কার্লি পেজের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে পুণরায় ইংল্যান্ড গমন করেন। ২৬ জুন, ১৯৩৭ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ৩১ ও ৩৮* রান সংগ্রহ করেছিলেন। তন্মধ্যে, নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২০/১ থাকাকালে আঘাতের কারণে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন। তবে, দলের সংগ্রহ ৬৬/৩ হবার পর পুণরায় মাঠে ফিরে আসেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ২৪ জুলাই, ১৯৩৭ তারিখে ম্যানচেস্টারে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ৪ ও ৩ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। স্বাগতিকরা ১৩০ রানে জয় পেলে সিরিজে এগিয়ে যায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টের তুলনায় প্রথম-শ্রেণীর ক্রিকেটে অধিক সফল ছিলেন। শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে ক্যান্টারবারির পক্ষে বর্ণাঢ্যময় খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। অবসর পরবর্তীকালে কোচিং জগতের দিকে ধাবিত হন। জাতীয় দল নির্বাচকমণ্ডলীর সদস্য হন ও নিউজিল্যান্ড ক্রিকেটের সভাপতির দায়িত্ব পালন করেছেন। নিউজিল্যান্ড মেরিট অর্ডার লাভ করেন।
২৭ মে, ২০০৭ তারিখে ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে ৯৬ বছর ১৫০ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
