|

গুলাম আব্বাস

১ মে, ১৯৪৭ তারিখে তৎকালীন ব্রিটিশ ভারতের দিল্লিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৬০-এর দশকে পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৬২-৬৩ মৌসুম থেকে ১৯৮৪-৮৫ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন সরব রেখেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে করাচী, পাকিস্তান ন্যাশনাল ব্যাংক, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের প্রতিনিধিত্ব করেছেন। পিছনের পায়ের উপর ভর রেখে অফের দিকে বেশ দক্ষতা প্রদর্শন করেছিলেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে গুলাম আব্বাসের মাঝে প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর দেখা গিয়েছিল।

ছাত্র অবস্থাতেই ১৯৬৪ সালে সিলন গমনের সুযোগ লাভ করেন। এ সফরের পর ১৯৬৪-৬৫ মৌসুমে অস্ট্রেলিয়া গমন করেন। কিন্তু কোন টেস্টের জন্যে তাঁকে মনোনীত করা হয়নি। ১৯৬৭ সালে পাকিস্তানের পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ঐ বছর হানিফ মোহাম্মদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সাথে ইংল্যান্ডে যান। ২৪ আগস্ট, ১৯৬৭ তারিখে ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ০ ও ১২ রান তুলতে সক্ষম হন। খেলায় তাঁর দল ৮ উইকেটে পরাজিত হলে স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর একমাত্র টেস্টে পরিণত হয়।

সম্পৃক্ত পোস্ট