১২ এপ্রিল, ১৮৯৪ তারিখে নটিংহ্যামশায়ারের অ্যানেস্লি এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। দলে মূলতঃ বোলার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে মারকুটে ব্যাটিংয়ে অগ্রসর হতেন। ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
৬ ফুট ১ ইঞ্চির দীর্ঘকায় ও শক্ত-মজবুত গড়নের অধিকারী ছিলেন। মাত্র দশ কদম দূরত্ব দৌঁড়ে ডানহাতে ফাস্ট বোলিং করতেন। উচ্চ ভঙ্গীমায় পিচে বলকে পর্যাপ্ত উঁচুতে ফেলতে পারতেন। ব্যাটসম্যান হিসেবেও বলে প্রচণ্ড আঘাত করতেন ও প্রায়শঃই বলকে উঁচুতে ফেলে ধ্বংসাত্মক ভূমিকা রাখতেন।
১৯১৪ থেকে ১৯৩১ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৯১৪ সালে নটিংহ্যামশায়ারে যোগ দেন। মে মাসে লর্ডসে এমসিসির বিপক্ষে নিজস্ব প্রথম খেলায় অংশ নেন। প্রথম ইনিংসেই নিজেকে সম্ভাবনার উচ্চ শিখরে নিয়ে যান। ৩৫.৩-১৩-৯১-৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। অভিষেক খেলায় নটিংহ্যামশায়ারের খেলোয়াড় হিসেবে ব্যক্তিগত সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন। পুরোটা মৌসুম জুড়ে ছন্দ ধরে রাখেন। যদি অপরাপর নটিংহ্যামশায়ারের বোলারের কাছ থেকে সহায়তা পেতেন তাহলে ঐ বছরে নিজেকে সর্বাগ্রে নিয়ে যেতে পারতেন সন্দেহাতীতভাবে। তাসত্ত্বেও, প্রথম মৌসুমে কাউন্টির পক্ষে প্রথম নটিংহ্যামশায়ারের ক্রিকেটার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন। এছাড়াও, ১৯১৪, ১৯২২, ১৯২৮ ও ১৯২৯ সালে শতাধিক উইকেটের সন্ধান পেয়েছিলেন।
১৯২৮ সালে নিজস্ব সেরা সময় কাটান। প্রথমবারের মতো ১০০০ রান ও ১০০ উইকেট লাভ করেন। এরফলে, জন গানের পর নটিংহ্যামশায়ারের পক্ষে প্রথম খেলোয়াড় হিসেবে ‘ডাবল’ লাভের কৃতিত্বের অধিকারী হন। এ পর্যায়ে ছিচল্লিশটি ছক্কা হাঁকান। পরের বছর ঊনচল্লিশটি ছক্কা হাঁকালেও পূর্বেকার বছরের তুলনায় তিনশত রান কম ছিল।
১৯২৪ সালে ট্রেন্ট ব্রিজে মিডলসেক্সের বিপক্ষে চার বল থেকে তিন উইকেট লাভ করেন। সাসেক্সের বিপক্ষে ৩৮ গজ দূর থেকে বল ছুড়ে বেইল ফেলে রান-আউট করেছিলেন।
১৯২৯ থেকে ১৯৩০ সময়কালে ইংল্যান্ডের পক্ষে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯২৯ সালে নিজ দেশে নামি ডিনের নেতৃত্বাধীন স্প্রিংবকের মুখোমুখি হন। ২৭ জুলাই, ১৯২৯ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সফররত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ২* রান সংগ্রহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৮ ও ১/৩০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ৩২ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯২৯-৩০ মৌসুমে হ্যারল্ড জিলিগানের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গমন করেন। তবে, এ সফরে নিজের সেরা ছন্দে আরোহণ করেননি। কেবলমাত্র সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলায় ৯৩ রান খরচায় ৯ উইকেট দখল করেছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত সিরিজে চার-টেস্টের সবকটিতে অংশ নিয়েছিলেন। তিন ইনিংসে ব্যাটিং করে ২৬ রান ও ১৯৭ রান খরচায় তিন উইকেট পেয়েছিলেন।
প্রথমবারের মতো নিউজিল্যান্ড সফরে যান। ১০ জানুয়ারি, ১৯৩০ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। স্মর্তব্য যে, এটিই নিউজিল্যান্ডের টেস্ট ক্রিকেটের ইতিহাসের প্রথম খেলা ছিল। খেলায় তিনি ০/৮ ও ১/১৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাট হাতে নিয়ে ৪ রান সংগ্রহের পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। সফরকারীরা ৮ উইকেটে জয় পেলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২১ ফেব্রুয়ারি, ১৯৩০ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১৭ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৬০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
২৯ জানুয়ারি, ১৯৪৭ তারিখে নটিংহামের স্ট্যান্ডার্ড হিল এলাকার নটিংহাম জেনারেল হাসপাতালে ৫২ বছর ২৯২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
