৫ নভেম্বর, ১৯০১ তারিখে ল্যাঙ্কাশায়ারের অসওয়াল্ডটুইসল এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটিয়েছিলেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করতেন। ১৯৩০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৯২৬ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। প্রতিভাবান ও ধারাবাহিক ক্রীড়াশৈলী প্রদর্শনের অধিকারী ব্যাটসম্যান হিসেবে নিয়মিতভাবে ইনিংস উদ্বোধনে নামতেন। এছাড়াও, দক্ষ ফিল্ডার ছিলেন। বিশেষতঃ কভার অঞ্চলে চমকপ্রদ ফিল্ডিং করতেন।
১৯৩১ থেকে ১৯৩৯ সময়কালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে ২০ টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। টেস্টগুলো থেকে ৫৯.২৩ গড়ে ১৫৪০ রান সংগ্রহ করেছিলেন। তন্মধ্যে, অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত টেস্টে ৮৪.৪২ গড়ে রান তুলেছিলেন। ১৯৩১ সালে নিজ দেশে টম লরি’র নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ১৫ আগস্ট, ১৯৩১ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। বৃষ্টিবিঘ্নিত ঐ টেস্টটি শেষদিনের শেষ বিকেলে শুরু হয়েছিল। খেলার একমাত্র ইনিংসে ৩ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
১৯৩২-৩৩ মৌসুমে এমসিসি দলের সাথে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড গমন করেন। বডিলাইন সিরিজের ব্রিসবেন টেস্টে সাহসিকতাপূর্ণ ইনিংস খেলার কারণে নিজেকে স্মরণীয় করে রেখেছেন। অসুস্থ অবস্থায় হাসপাতালের শয্যা ত্যাগ করে চার ঘণ্টা মাঠে অবস্থান করে ৮৩ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন। এছাড়াও, দ্বিতীয় ইনিংসে ছক্কা হাঁকিয়ে দলের অ্যাশেজ সিরিজ বিজয় নিশ্চিত করেন।
১৯৩৮ সালে নিজ দেশে ডোনাল্ড ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১০ জুন, ১৯৩৮ তারিখে নটিংহামে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। দলের একমাত্র ইনিংসে ২১৬* রানের মনোরম ইনিংস খেলেন। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ২০ আগস্ট, ১৯৩৮ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। লেন হাটনের টেস্ট নামে পরিচিত ঐ টেস্টের একমাত্র ইনিংসে বিল ও’রিলি’র বলে শূন্য রানে বিদেয় নিয়েছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ৫৭৯ রানে জয়লাভ করলে সিরিজটি ১-১ ব্যবধানে শেষ হয়।
১৯৩৮-৩৯ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে ওয়ালি হ্যামন্ডের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফর করেন। এ সফরে তাঁর দল অপরাজিত অবস্থায় দেশে ফিরে আসে। তন্মধ্যে, ডারবান টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪৩ রান তুলেছেন।
২৪ ডিসেম্বর, ১৯৩৮ তারিখে জোহানেসবার্গে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার ছাঁপ রাখেন। দ্বিতীয় ইনিংসে ৭১ রানে পৌঁছানোকালে টেস্টে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। খেলায় তিনি ১১৭ ও ১০০ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
এরপর, ২০ জানুয়ারি, ১৯৩৯ তারিখে ডারবানে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ২১৬ রান অতিক্রম করেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ব্যাট হাতে নিয়ে ২৪৩ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ইনিংস ও ১৩ রানে জয়লাভ করলে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায়।
১৯৩৯ সালে নিজ দেশে রল্ফ গ্র্যান্টের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২৪ জুন, ১৯৩৯ তারিখে লন্ডনের লর্ডসে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৩৪ ও ৩২* রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ৮ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
এরপর, ২২ জুলাই, ১৯৩৯ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ৯ ও ০ রান সংগ্রহ করেছিলেন। বৃষ্টিবিঘ্নিত ঐ টেস্ট ড্রয়ে পরিণত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
সব মিলিয়ে ৪৫ শতক সহযোগে বিশ হাজারের অধিক রান তুলেছেন। তন্মধ্যে, ১৯৩৭ সালে হোভে সাসেক্সের বিপক্ষে একদিনে ৩২২ রান তুলেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনেকের ন্যায় তাঁরও আন্তর্জাতিক খেলোয়াড়ী জীবনের সমাপ্তি ঘটে। ১৯৩৮ সালে উইজডেন বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননায় ভূষিত হন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর আম্পায়ারিংয়ের দিকে ঝুঁকে পড়েন। দুইটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা পরিচালনা করেছিলেন। ‘টিকে থাকলে এটি বেশ মজাদার’ – এ মন্তব্যের মাধ্যমে ক্রিকেট সম্পর্কে স্বীয় দৃষ্টিভঙ্গীর প্রকাশ ঘটান।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। ৫ ফেব্রুয়ারি, ১৯৭৯ তারিখে ইয়র্কশায়ারের কেইলি এলাকায় ৭৭ বছর ৯২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
