১৯ জুন, ১৯১২ তারিখে ল্যাঙ্কাশায়ারের ওয়েস্টহটন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ের পাশাপাশি ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। ১৯৪০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
লালচে কেশরের অধিকারী ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে-পিছে খেলেছেন। ‘দ অউড চেইনহর্স’ ডাকনামে ভূষিত হয়েছিলেন। দীর্ঘ সময় ধরে ক্রমাগত বোলিং করতে পারতেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ল্যাঙ্কাশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৩৩ থেকে ১৯৫২ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ১৯৩৩ সালে ল্যাঙ্কাশায়ারের পক্ষে যোগ দেন। আগস্ট, ১৯৩৩ সালে নটিংহ্যামশায়ারের বিপক্ষে খেলার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনে প্রবেশ করেন। এগারো নম্বর অবস্থানে ব্যাট হাতে নেমে ১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। এছাড়াও, বল হাতে নিয়ে প্রতিপক্ষীয় অধিনায়ক আর্থার কারের উইকেট লাভ করেছিলেন।
দুই বছর পর এক মৌসুমে ১০০ উইকেট লাভের মাইলফলক স্পর্শ করেন। এরপর থেকে যুদ্ধ শুরুর পূর্ব-পর্যন্ত প্রত্যেক মৌসুমেই এ সাফল্যের সাথে যুক্ত থাকতেন। ১৯৩৮ সালে ১২০০ ওভারের অধিক বোলিং করে ১৪৯ উইকেট পান। যুদ্ধের পরও আরও দুইবার সমসংখ্যক ওভার বোলিং করেছেন।
১৯৩৪ সালের কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা বিজয়ী ল্যাঙ্কাশায়ার দলের অন্যতম সদস্য ছিলেন। সম্মুখসারির বোলারদের সহায়তাকল্পে মিডিয়াম-পেস বোলিং করতেন। আঘাত লাভের পাশাপাশি ফ্রাঙ্ক সিবলসের কারণে মৌসুমের শেষ দুই মাসে ১১টি খেলায় অংশ নিতে পেরেছিলেন। ১৯.৩১ গড়ে ৩৮ উইকেট দখল করেছিলেন। গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে খেলার দ্বিতীয় ইনিংসে ৬/২১ লাভ করেন। উইজডেনে এ সম্পর্কে মন্তব্য করা হয় যে, ‘তিনি চমৎকার নিখুঁত নিশানা বরাবর ও বিরাট প্রভাব ফেলে বলকে দ্রুততার সাথে বাঁক খাইয়েছিলেন।’ এ পর্যায়ে এটিই তাঁর সেরা বোলিং ছিল। এ আসরে সব মিলিয়ে তিনি মাত্র ১৪ রান সংগ্রহ করতে পেরেছিলেন। কিন্তু, মৌসুম শেষে ওভালে চ্যাম্পিয়ন কাউন্টি বনাম বাদ-বাকী একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে অপরাজিত ২৭ রান ও দ্বিতীয় ইনিংসে ২৮ রান তুলেছিলেন।
১৯৪৬ থেকে ১৯৪৮ সময়কালে ইংল্যান্ডের পক্ষে মাত্র চার টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৪৫ সালের ‘ভিক্টোরি টেস্টসে’ খেলেছেন। ১৯৪৬ সালে নিজ দেশে ইফতিখার আলী খান পতৌদি’র নেতৃত্বাধীন ভারতীয় দলের মুখোমুখি হন। ২০ জুলাই, ১৯৪৬ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সফররত ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ১০* রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৫/২৪ ও ২/৬৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ে পরিণত হলেও স্বাগতিকরা তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে।
১৯৪৬-৪৭ মৌসুমে ওয়ালি হ্যামন্ডের নেতৃত্বাধীন এমসিসি দলের সদস্যরূপে প্রথমবারের মতো নিউজিল্যান্ড সফরে যান। ২১ মার্চ, ১৯৪৭ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। বৃষ্টিবিঘ্নিত খেলায় ৩/৭৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, তাঁকে ব্যাটিংয়ে নামতে হয়নি। খেলাটি ড্রয়ের দিকে গড়ায়।
দুইবার ডন ব্র্যাডম্যানকে বিদেয় করেছেন। ১৯৪৮ সালে নিজ দেশে ডন ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২২ জুলাই, ১৯৪৮ তারিখে লিডসে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/১০৪ ও ০/৫৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে শূন্য রানে অপরাজিত ছিলেন। পাশাপাশি, একটি ক্যাচ তালুবন্দী করেন। ৭ উইকেটে জয় পেলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে যায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে এক হাজার একশতের অধিক উইকেটের সন্ধান পেয়েছেন। বিশ্বযুদ্ধ তাঁর খেলোয়াড়ী জীবনে প্রভাব না ফেললে হয়তোবা আরও অধিক উইকেট পেতেন। ল্যাঙ্কাশায়ারের পক্ষে ২২.১৫ গড়ে ১০১৫ উইকেট লাভ করেছেন। ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট পেয়েছেন ৫৫বার। ১৯৫০ মৌসুম শেষ করার পর প্রথম-শ্রেণীর ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। এরপর, লীগ ক্রিকেট খেলতে থাকেন।
পিয়ানোবাদক হিসেবেও তাঁর সুনাম ছিল। ১৬ ডিসেম্বর, ১৯৮৫ তারিখে ল্যাঙ্কাশায়ারের ওয়েস্টহটন এলাকায় ৭৩ বছর ১৮০ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
