৪ এপ্রিল, ১৯৮৯ তারিখে কেপ প্রভিন্সের কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করে থাকেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিচ্ছেন।
ক্ষীপ্রগতিসম্পন্ন বোলার হিসেবে বেশ চাতুর্য্যতার সাথে নিখুঁত নিশানা বরাবর বল ফেলেন। দক্ষিণ আফ্রিকার ‘এ’ দলের সাথে খেলে মোটামুটি সফলতার স্বাক্ষর রেখেছেন। ২০০৯-১০ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে কেপ কোবরাজ ও ওয়েস্টার্ন প্রভিন্স এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে ওয়ারউইকশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ডলফিন্স, জ্যামাইকা তাল্লাহজ, জজি স্টার্সের পক্ষে খেলেছেন। ১৯ নভেম্বর, ২০০৯ তারিখে কিম্বার্লীতে অনুষ্ঠিত গ্রিকুয়াল্যান্ড ওয়েস্ট বনাম ওয়েস্টার্ন প্রভিন্সের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে দুইটিমাত্র টেস্ট, চারটিমাত্র ওডিআই ও আটটিমাত্র টি২০আইয়ে অংশ নিচ্ছেন। জানুয়ারি, ২০১৭ তারিখে কেপটাউনের নিউল্যান্ডসে অনুষ্ঠিত সফররত শ্রীলঙ্কার বিপক্ষে তিন-টি২০আই নিয়ে গড়া সিরিজের চূড়ান্ত টি২০আইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন। ২০১৭-১৮ মৌসুমে নিউজিল্যান্ড গমন করেন। ফেব্রুয়ারিতে অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন। জুনে ইংল্যান্ড সফরে যান। কার্ডিফে ব্যক্তিগত সেরা ৪/৩২ পান। শেষেরদিকের ওভারগুলোয় বেশ উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। সেপ্টেম্বর-অক্টোবর, ২০১৭ সালে সফরকারী বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলে ঠাঁই পান। একই প্রতিপক্ষের বিপক্ষে ১৫ অক্টোবর, ২০১৭ তারিখে কিম্বার্লীতে ওডিআইয়ে প্রথমবারের মতো অংশ নেন।
২০১৯-২০ মৌসুমে নিজ দেশে জো রুটের নেতৃত্বাধীন ইংরেজ দলের মুখোমুখি হন। চার-টেস্ট নিয়ে গড়া সিরিজের দুই টেস্টে অংশ নিয়ে ৪১.৫০ গড়ে চার উইকেট দখল করেন। ১৬ জানুয়ারি, ২০২০ তারিখে জিকিবার্হায় অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১/৬২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ০* ও ৩৯* রান সংগ্রহ করেছিলেন। তবে, অলি পোপের অসাধারণ ক্রীড়া নৈপুণ্যের কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ৫৩ রানে পরাজয়বরণ করলে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর থেকে সফরকারী ও পরবর্তীতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সীমিত-ওভারের সিরিজ খেলা থেকে উপেক্ষিত হন। বৈশ্বিক অতিমারী কোভিড-১৯ ভাইরাসের বিস্তার সত্ত্বেও ৭ এপ্রিল, ২০২০ তারিখে কোলপ্যাক চুক্তির আওতায় নটিংহ্যামশায়ারের সাথে চুক্তিতে আবদ্ধ হন। এরফলে, নিজ দেশের পক্ষে খেলা থেকে বঞ্চিত হবেন। ১৫ এপ্রিল, ২০২১ তারিখে ট্রেন্ট ব্রিজে অনুষ্ঠিত খেলায় নটিংহ্যামশায়ারের সদস্যরূপে ওয়ারউইকশায়ারের বিপক্ষে প্রথম খেলেন।
দক্ষিণ আফ্রিকার মজানসি সুপার লীগ টি২০ প্রতিযোগিতায় পার্ল রক্সের পক্ষে খেলেন। ২০১৮ সালের উদ্বোধনী আসরে দলের পক্ষে যৌথভাবে সর্বাধিক উইকেট-সংগ্রাহকে পরিণত হন।
২০২৩-২৪ মৌসুমে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে নীল ব্র্যান্ডের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে মাউন্ট মুঙ্গানুইয়ে অনুষ্ঠিত স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ১/৯৮ ও ১/৩৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ব্যাট হাতে ১ ও ১৫ রান সংগ্রহ করেছিলেন। রচিন রবীন্দ্রের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যের কল্যাণে সফরকারীরা ২৮১ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
একই সফরের ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে হ্যামিল্টনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে টিম সাউদিকে বিদেয় করে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বতন সেরা ছিল ২/৮৬। খেলায় তিনি ৩/৩৯ ও ০/৫৮ লাভ করেন। এছাড়াও, ব্যাট হাতে নিয়ে ০ ও ৭ রান সংগ্রহ করেন। তবে, উইলিয়াম ও’রোর্কের অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা খেলায় ৭ উইকেটে জয়লাভসহ ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়।
২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে এইডেন মার্করামের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে বাংলাদেশ গমন করেন। ২৯ অক্টোবর, ২০২৪ তারিখে চট্টগ্রামে অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ২/৩১ ও ১/৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, তাঁকে দলের একমাত্র ইনিংসে ব্যাটিংয়ে নামতে হয়নি। টনি ডি জর্জি’র অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ইনিংস ও ২৭৩ রানে পরাজয়বরণ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
একই মৌসুমে নিজ দেশে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের মুখোমুখি হন। ২৬ ডিসেম্বর, ২০২৪ তারিখে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে অনুষ্ঠিত সফররত পাকিস্তানের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যক্তিগত সেরা বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তাঁর পূর্বেকার সেরা ছিল ৫/৭১। এ পর্যায়ে সামগ্রিকভাবে দ্বিতীয়বারের মতো ও পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো পাঁচ-উইকেট লাভ করেন। খেলায় তিনি ৫/৬১ ও ১/৫৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এ পর্যায়ে ২৫.৮৩ গড়ে ২৪ উইকেট দখল করেন। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ১২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেন। এইডেন মার্করামের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ২ উইকেটে জয়লাভ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
২০২৫ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের চূড়ান্ত খেলায় অংশ নিতে তেম্বা বাভুমা’র নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। তবে, ১১ জুন, ২০২৫ তারিখ থেকে লর্ডসে শুরু হওয়া অপর প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্যে দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে তাঁর ঠাঁই হয়নি।
