৩০ মার্চ, ১৯০৮ তারিখে ভিক্টোরিয়ার স্টাওয়েল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে রিস্ট-স্পিন বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৩০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
তৎকালীন ভারতের সংবাদপত্র ব্যবস্থাপক ফ্লিটউড স্মিথ ও ফ্রান্সেস অ্যালাইস দম্পতির তৃতীয় সন্তান ছিলেন। স্টাওয়েল প্রাইমারি স্কুলে পড়াশুনো করেন। এরপর, ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার অধিকারী চাক ফ্লিটউড-স্মিথ ১৯১৭ থেকে ১৯২৩ সাল পর্যন্ত মেলবোর্নভিত্তিক জাভিয়ের কলেজে অধ্যয়ন করেছেন। এ সময়ে তিনি প্রথম একাদশে খেলতেন। স্টাওয়েল থেকে চলে আসার পর স্থানীয় ক্লাবে খেলতে থাকেন। তাঁর বোলিংয়ের ক্ষীপ্রতা সেন্ট কিল্ডা ক্লাবের নজর এড়ায়নি। ১৯৩০ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত ক্লাবটিতে খেলেন। এরপর, মেলবোর্ন ক্লাবে যোগ দেন।
১৯৩১-৩২ মৌসুম থেকে ১৯৩৯-৪০ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেছেন। শেফিল্ড শীল্ডে তারকা খেলোয়াড় ছিলেন। বামহাতে রিস্ট-স্পিনের সাথে গুগলিতে প্রভূত্ব দেখিয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বেকার দশকে পাঁচজন অস্ট্রেলীয় বোলারের অন্যতম হিসেবে শেফিল্ড শীল্ডে ২০০ উইকেট লাভ করেছিলেন।
তাসমানিয়ার বিপক্ষে প্রথম খেলার উভয় ইনিংসে পাঁচ-উইকেট করে পেয়েছিলেন। একই রাজ্য দলের বিপক্ষে ফিরতি খেলার প্রথম ইনিংসে আবারও একই সাফল্যের অধিকারী হন। ভিক্টোরিয়ার সদস্যরূপে ফেব্রুয়ারিতে নিজ দেশে সফররত দক্ষিণ আফ্রিকা একাদশের বিপক্ষে ৬/৮০ লাভ করেন। পরের মাসে শেফিল্ড শীল্ডে প্রথমবারের মতো খেলেন। সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ উইকেট পান। এ সাফল্যের কারণে আর্থার মেইলি’র নেতৃত্বাধীন দলের সাথে ১৯৩২ সালের শীতকালে মার্কিন যুক্তরাষ্ট ও কানাডা গমনের সুযোগ পান।
১৯৩৫ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ১০ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৩৫-৩৬ মৌসুমে ভিক রিচার্ডসনের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা গমন করেন। ১৪ ডিসেম্বর, ১৯৩৫ তারিখে ডারবানে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ইএল ম্যাককরমিকের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি বল হাতে নিয়ে ৪/৬৪ ও ১/১০১ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে ১ রান সংগ্রহ করেন। ৯ উইকেটে জয়লাভ করলে সফরকারীরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
১৯৩৬-৩৭ মৌসুমে নিজ দেশে গাবি অ্যালেনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। এ সিরিজে অস্ট্রেলিয়া দল ০-২ ব্যবধানে পিছিয়ে পড়েও পরবর্তীতে ৩-২ ব্যবধানে সিরিজ জয় করেছিল। ২৯ জানুয়ারি, ১৯৩৭ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ৪/১২৯ ও ৬/১১০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ঐ টেস্টে তিনি ১ ও ৪* রান সংগ্রহ করেছিলেন। খেলায় অস্ট্রেলিয়া দল ১৪৮ রানে জয়লাভ করে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-২ ব্যবধানে সমতা আনে।
১৯৩৮ সালে ডোনাল্ড ব্র্যাডম্যানের নেতৃত্বাধীন অজি দলের সাথে ইংল্যান্ড গমন করেন। ১০ জুন, ১৯৩৮ তারিখে নটিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৫* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ৪/১৫৩ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ২০ আগস্ট, ১৯৩৮ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। লেন হাটনের ৩৬৪ রানের কারণে স্মরণীয় হয়ে থাকা ঐ টেস্টে তিনি ১৬* ও ০ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/২৯৮ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ইনিংস ও ৫৭৯ রানে জয়লাভ করলে সিরিজটি ১-১ ব্যবধানে শেষ করতে সক্ষম হয়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টগুলো থেকে ৩৭.৩৮ গড়ে ৪২ উইকেট পেয়েছেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২২.৬৪ গড়ে ৫৭৯ উইকেট দখল করেছিলেন। তন্মধ্যে, ৫৭বার পাঁট-উইকেট লাভ করেন। ভিক্টোরিয়ার পক্ষে ইনিংসে দুইবার নয়-উইকেট পেয়েছিলেন। ডন ব্র্যাডম্যানসহ অনেকেরই অভিমত, অন্যতম ক্রিকেটার হিসেবে বলকে বড় ধরনের বাঁক খাওয়াতেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। এ দম্পতির কোন সন্তানাদি ছিল না। ১৬ মার্চ, ১৯৭১ তারিখে ভিক্টোরিয়ার ফিটজরয় এলাকায় ৬২ বছর ৩৫১ দিন বয়সে ক্যান্সারে তাঁর দেহাবসান ঘটে।
