১৫ মার্চ, ১৮৮৮ তারিখে কেপ প্রভিন্সের উইলোভেল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ফাস্ট বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯১০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ইস্টার্ন প্রভিন্স, ওয়েস্টার্ন প্রভিন্স ও ট্রান্সভালের প্রতিনিধিত্ব করেছেন। ১৯০৮-০৯ মৌসুম থেকে ১৯১৩-১৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন।
১৯১৪ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯১৩-১৪ মৌসুমে নিজ দেশে জনি ডগলাসের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার পূর্বে ২৭ ফেব্রুয়ারি, ১৯১৪ তারিখে জিকিবার্হায় অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ টেস্টে অংশ নেন। রেজিনাল্ড হ্যান্ডসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রবল বাতাস উপেক্ষা করে ৪৬ ওভার বোলিং করেন। খেলায় তিনি ১০৭ রান খরচায় ৪ উইকেট দখল করেন। তবে, ব্যাটিংয়ে তিনি মোটেই সুবিধে করতে পারেননি। সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে বল হাতে নিয়ে ৪/১০১ ও ০/৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ০* ও ১ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ১০ উইকেটে পরাভূত হলে ৪-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। ১২ সেপ্টেম্বর, ১৯১৭ তারিখে বেলজিয়ামের পাসেনডেল এলাকায় মাত্র ২৯ বছর ১৮১ দিন বয়সে তিনি নিহত হন।
