১৭ ফেব্রুয়ারি, ১৯৩৬ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার হিন্ডমার্শ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, কোচ ও রেফারি ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। এছাড়াও, অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন।
১৯৫৫-৫৬ মৌসুম থেকে ১৯৬৮-৬৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে সাউথ অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫৫ সালে সাউথ অস্ট্রেলিয়ার পক্ষে অভিষেক হবার পর থেকে তেরো মৌসুম প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেন। সাউথ অস্ট্রেলিয়া দলের তারকা খেলোয়াড় ছিলেন। ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে অবিশ্বাস্য রেকর্ডের সাথে নিজেকে জড়িয়েছেন। শেফিল্ড শীল্ডে ১৯১টি খেলায় অংশ নিয়ে ৪৩১টি ক্যাচ ও ১২৯টি স্ট্যাম্পিং করেছিলেন। এছাড়াও, পাঁচটি শতক ও ২৫টি অর্ধ-শতরানের ইনিংস খেলেন। ব্যক্তিগত সর্বোচ্চ ১৯৬ রান তুলেন।
১৯৫৯ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বমোট ১৯ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৫৯-৬০ মৌসুমে রিচি বেনো’র নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ভারত গমন করেন। ২৩ বছর বয়সে ১৯ ডিসেম্বর, ১৯৫৯ তারিখে কানপুরে অনুষ্ঠিত স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ১ ও ০ রানে বিদেয় নিয়েছিলেন। তবে, উইকেটের পিছনে অবস্থান করে দুইটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। স্বাগতিকরা ১১৯ রানে জয় পেলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সমতায় আসতে সমর্থ হয়।
১৯৬২-৬৩ মৌসুমে নিজ দেশে টেড ডেক্সটারের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ১১ জানুয়ারি, ১৯৬৩ তারিখে সিডনিতে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে শূন্যে রানে রান-আউটে বিদেয় হন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে দুইটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। ৮ উইকেটে জয় পেলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-১ ব্যবধানে সমতায় চলে আসে।
কুইন্সল্যান্ডের উইকেট-রক্ষক ওয়ালি গ্রাউটকে দল নির্বাচকমণ্ডলী প্রাধান্য দিলে মাঝে-মধ্যে খেলায় অংশগ্রহণের সুযোগ পেতেন। তবে, তাঁর সহকারী হিসেবে নিয়মিতভাবে বিদেশ সফরে যেতেন ও সাজঘর মাতিয়ে রাখতেন। ১৯৫৯ থেকে ১৯৬৭ সময়কালে ওয়ালি গ্রাউটের আঘাতের সুযোগে মাত্র এক টেস্টে অংশ নিতে পেরেছিলেন। ১৯৬৬ সালে ওয়ালি গ্রাউট অবসর গ্রহণ করলে ৩৯ বছর বয়সে উইকেট-রক্ষণের দায়িত্বপ্রাপ্ত হন।
১৯৬৮ সালে অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দলের সাথে ইংল্যান্ড গমন করেন। নিয়মিত অধিনায়ক বিল লরি হেডিংলি টেস্টে আঘাত পেলে পরবর্তী টেস্টে দলকে নেতৃত্ব দেন। এরফলে, অস্ট্রেলিয়ার ৩৩তম অধিনায়কের মর্যাদা পান। এছাড়াও, অস্ট্রেলিয়ার পাঁচজন উইকেট-রক্ষকের অন্যতম হিসেবে টেস্টে দলকে নেতৃত্ব দেন।
১৯৬৮-৬৯ মৌসুমে নিজ দেশে গ্যারি সোবার্সের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ২৪ জানুয়ারি, ১৯৬৯ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলায় তিনি ৩ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে স্বাগতিকরা ২-১ ব্যবধানে এগিয়ে থাকে। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
টেস্টগুলো থেকে চারশত রানসহ ৫০ ক্যাচ তালুবন্দী করেন ও চারটি স্ট্যাম্পিংয়ের সাথে নিজেকে যুক্ত রাখেন। ব্যাট হাতে দুইটি অর্ধ-শতরানের ইনিংস খেলেছিলেন। অস্ট্রেলীয় ক্রিকেটের স্বর্ণযুগে অপর উইকেট-রক্ষক ওয়ালি গ্রাউটের সাথে একত্রে খেলেছেন। সবগুলো প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়ে ৫৬০টি ডিসমিসাল ঘটান।
১৯৬৯ সালে খেলার জগৎ থেকে অবসর গ্রহণ করেন। শতবার্ষিকী টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সাবেক ও বর্তমান অধিনায়কদের সাথে সারিবদ্ধভাবে মাঠে অবস্থান করেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর রেফারির ভূমিকায় অবতীর্ণ হন। আইসিসি’র ম্যাচ রেফারি হিসেবে সব মিলিয়ে ২৫ টেস্ট ও ২৮টি ওডিআই পরিচালনা করেছেন। এ পর্যায়ে ১৯৯৮ সালে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট খেলা পরিত্যক্ত ঘোষিত করেছিলেন। ১৯৯৭ সালে ক্রিকেটার, কোচ ও আইসিসি রেফারিসহ সাউথ অস্ট্রেলিয়ায় ক্রিকেটের সম্প্রসারণে অসামান্য ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ ওএএম পদবীতে ভূষিত হন। এছাড়াও, তাঁর সম্মানার্থে অ্যাডিলেডভিত্তিক উডভিল ওভালের প্রধান ছাউনির নামকরণ করা হয়।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। গেনর নাম্নী এক রমণীর পাণিগ্রহণ করেন। এ দম্পতির ক্রিস্টেন, গেভিন, জেসন ও ইরিন নাম্নী সন্তান রয়েছে। লিউকেমিয়ায় আক্রান্ত হন। অতঃপর, ১৭ জুলাই, ২০২০ তারিখে সাউথ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ৮৪ বছর ১৫১ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। দলীয় সঙ্গী ইয়ান চ্যাপেল স্মৃতিচারণে তাঁকে ‘জার’ ডাকনামে ভূষিত করার কথা জানান।
