২ এপ্রিল, ১৮৭৫ তারিখে ডার্বিশায়ারের কডনোর পার্ক এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও আম্পায়ার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ফাস্ট বোলিংয়ের পাশাপাশি ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯০০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে ডার্বিশায়ারের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৯৭ থেকে ১৯০৫ সময়কালে প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন অতিবাহিত করেছেন। দলটির প্রথম বোলার হিসেবে এক মৌসুমে ১০০ উইকেট দখলের কৃতিত্বের অধিকারী হন। ১৯০৪ সালের এ সাফল্যের পর আরও দুইবার এ মাইলফলক স্পর্শ করেন।
তবে, দূর্বলতর কাউন্টি দলের পক্ষে বোলিংয়ের পাশাপাশি বেশকিছু রানের সন্ধান পেয়েছেন। বিলি বেস্টউইকের সাথে নতুন বল নিয়ে ডার্বিশায়ারের বোলিং আক্রমণ পরিচালনা করতেন। কিন্তু, তাঁরা অবিস্মরণীয় জুটি গড়তে পারেননি। দীর্ঘ দূরত্ব ও বাঁকানো বোলিং দ্রুতগতিতে করতেন ও মারকুটে ব্যাটিংয়ে অগ্রসর হতেন। ১৯৯০-এর দশকের শুরুতে ইংল্যান্ডের দ্রুততম বোলার হিসেবে বিবেচিত হয়েছিলেন। পূর্ববর্তী গ্রীষ্মে ১২৪ উইকেট লাভের সুবাদে ১৯০৫ মৌসুমের গ্রীষ্মে স্ট্যানলি জ্যাকসনের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলের সদস্যরূপে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্যে মনোনীত হন। তাঁর ব্যাটিং করার সক্ষমতাও দলে অন্তর্ভুক্তির প্রশ্নে অনুকূল প্রভাব ফেলে।
১৯০৫ সালে ইংল্যান্ডের পক্ষে একটিমাত্র টেস্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। ঐ বছর নিজ দেশে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হয়েছিলেন। ৩ জুলাই, ১৯০৫ তারিখে লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে অংশ নেন। লাকি ডেন্টনের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ভিক্টর ট্রাম্পারের স্ট্যাম্প উপড়ে ফেলে তাৎক্ষণিক সফলতার স্বাক্ষর রাখেন। প্রথম ইনিংসে ৫/৫৭ পান। দ্বিতীয় ইনিংসে ভিক্টর ট্রাম্পারকে আবারও বিদেয় করেন। এ পর্যায়ে ট্রাম্পার শূন্য রানের সন্ধান পেয়েছিলেন ও ১/৫৬ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। খেলায় তিনি একবার ব্যাটিংয়ে নেমে ৭ রান তুলে রান-আউটে বিদেয় নেন ও একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়েছিল।
এরপর, আর তাঁকে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে দেখা যায়নি। তবে, ঘরোয়া ক্রিকেটে ১৯০৫ সালে ৯৪, ১৯০৬ সালে ১০১, ১৯০৮ সালে ১০৫, ১৯০৯ সালে ৯৯ ও ১৯১০ সালে ৮৫ উইকেটের সন্ধান পেয়েছিলেন। ১৯১০ সালে ব্ল্যাকওয়েলে ওয়ারউইকশায়ারের বিপক্ষে তিন ঘণ্টারও কম সময় নিয়ে ১২৩ রানের ইনিংস খেলে আবারও টেস্ট দলে খেলার সম্ভাবনা জাগিয়ে তুলেছিলেন। এ পর্যায়ে জন চ্যাপম্যানের সাথে নবম উইকেটে ২৮৩ রানের জুটি গড়ে বিশ্বরেকর্ড গড়েন।
৪০ বছর বয়সে এসে প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেন। তবে, বয়স কমিয়ে রয়্যাল গ্যারিসন আর্টিলারিতে যুক্ত হন। ল্যান্স বোম্বার্ডিয়ার পদবীধারী হন ও শরীরের ঊর্ধ্বাংশে আঘাত পান। ক্রিকেট খেলা পুণরায় শুরু হলে কয়েকটি কাউন্টি খেলায় অংশ নিয়েছিলেন।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর আম্পায়ারিংয়ের দিকে ঝুঁকে পড়েন। দুইটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা পরিচালনা করেছেন। ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলায় স্বীয় দক্ষতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আউটসাইড-রাইট অবস্থানে থেকে ডার্বি কাউন্টি ব্রেন্টফোর্ডের সাথে লীগ খেলেছেন।
৩ সেপ্টেম্বর, ১৯৫১ তারিখে ডার্বিশায়ারের কডনোর এলাকায় ৭৬ বছর ১৫৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
