১২ নভেম্বর, ১৮৬৪ তারিখে নিউ সাউথ ওয়েলসের লিভারপুল এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে কার্যকর মিডিয়াম বোলিং করতেন। ১৮৯০-এর দশকে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন।
ছোটখাটো গড়নের অধিকারী ছিলেন। ব্যাটিংকালে শক্তি প্রয়োগের তুলনায় সময়ের দিকেই অধিক মনোনিবেশ ঘটাতেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে বোলার হিসেবে অংশ নিতেন। পরবর্তীতে, ১৮৯০-এর দশকের শুরুতে রাজ্য পর্যায়ের খেলায় দারুণ ব্যাটিং করেন। ১৮৮৭-৮৮ মৌসুম থেকে ১৯০০-০১ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলসের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৮৭-৮৮ মৌসুমে নিউ সাউথ ওয়েলসের সদস্যরূপে অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। ১৮৯২-৯৩ মৌসুমে শেফিল্ড শীল্ডের প্রথম খেলায় সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২০ রানের নিজস্ব প্রথম শতক হাঁকান।
১৮৯২ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত সময়কালে অস্ট্রেলিয়ার পক্ষে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৮৯১-৯২ মৌসুমে নিজ দেশে ডব্লিউ. জি. গ্রেসের নেতৃত্বাধীন লর্ড শেফিল্ড একাদশের মুখোমুখি হন। ১ জানুয়ারি, ১৮৯২ তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ড দলের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। সিডনি ক্যালাওয়ে ও বব ম্যাকলিওডের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৯ ও ২ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ৫৪ রানে জয়লাভ করলে স্বাগতিকরা তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
একই সফরের ২৪ মার্চ, ১৮৯২ তারিখে অ্যাডিলেডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৭ ও ১১* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ০/২২ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সফরকারীরা ইনিংস ও ২৩০ রানে জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।
প্রথম দুই টেস্ট থেকে মাত্র ২৯ রান সংগ্রহ করেছিলেন। তবে, পরের মৌসুমে নিউ সাউথ ওয়েলসের পক্ষে আরেকটি উৎসাহব্যঞ্জক মৌসুম খেলার কারণে ১৮৯৬ সালে ইংল্যান্ড অভিমুখী হ্যারি ট্রটের নেতৃত্বাধীন অজি দলের সদস্যরূপে ঠাঁই পান। টেস্টগুলোয় আবারও ব্যর্থতার পরিচয় দেন। কেবলমাত্র ডার্বিশায়ারের বিপক্ষে ১৬৭ রানের ইনিংস খেলেছিলেন।
১০ আগস্ট, ১৮৯৬ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১০ ও ০ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। ৬৬ রানে পরাজয়বরণ করলে সফরকারীরা ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৯০০-০১ মৌসুম শেষে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণ করেন। উপর্যুপরী তেরো মৌসুম নিউ সাউথ ওয়েলসের পক্ষে খেলেছিলেন। ২৯.১৯ গড়ে ছয় শতক সহযোগে সর্বমোট ৪২৬২ রান তুলেছিলেন। এছাড়াও, ৪১ গড়ে ২৯ উইকেট দখল করেছিলেন। পাশাপাশি, ৩৭টি ক্যাচ তালুবন্দী করেন। তন্মধ্যে, একটি ক্যাচ অস্ট্রেলিয়ার পক্ষে লাভ করেছিলেন।
ক্রিকেট বহির্ভূত সময়ে কলোনিয়াল সুগার রিফাইনিং কোম্পানিতে কাজ করতেন। ১৯২৩ সালে অবসর গ্রহণের পূর্ব পর্যন্ত ৪২ বছর সেখানে চাকুরী করেছেন। ১৯৫৪ সালে এক স্বাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন যে, ১৮৯৬ সালের সফরের মাঝামাঝি সময়ে নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগদান করতে ব্যর্থ হলে চাকুরীচ্যূতির হুমকি পান। পরবর্তীতে, আরও ৩৩ বছর জীবিতকালীন ঐ প্রতিষ্ঠান থেকে অবসর ভাতা পেতেন।
ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। অস্ট্রেলিয়ার অন্যতম বিখ্যাত ক্রিকেট পরিবারের সাথে সম্পর্ক গড়েন। সিড গ্রিগরি’র ভগ্নীর সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন। ১৩ আগস্ট, ১৯৫৬ তারিখে নিউ সাউথ ওয়েলসের সিডনির কাছাকাছি বেক্সলি এলাকায় ৯১ বছর ২৭৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। মৃত্যুকালীন অস্ট্রেলিয়ার অন্যতম জীবিত টেস্ট ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন।
