৪ এপ্রিল, ১৯৯০ তারিখে লন্ডনডেরিতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রাখছেন। ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। আয়ারল্যান্ডের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
২০১৩-১৪ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর আইরিশ ক্রিকেটে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্স এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে হ্যাম্পশায়ার ও সাসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, হ্যাম্পশায়ার দ্বিতীয় একাদশ, সাসেক্স দ্বিতীয় একাদশ, আয়ারল্যান্ড ‘এ’, আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৩, আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৭ ও আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ১১ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে ডাবলিনে অনুষ্ঠিত সফররত স্কটল্যান্ডের বিপক্ষে খেলার মাধ্যমে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।
২০১০-এর দশকের শুরুরদিকে আয়ারল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দল থেকে আসা উদীয়মান খেলোয়াড়ের অন্যতম হিসেবে তাঁর উত্থান ঘটে। অনেক পূর্ব থেকেই বয়েড র্যাঙ্কিনের সাথে তুলনায় আসতে থাকেন। কেবলমাত্র পেস ও বাউন্সেই নয়; লন্ডনডেরিতে জন্মগ্রহণও এর প্রধান কারণ ছিল। তবে, আঘাতের কারণে বয়েড র্যাঙ্কিনের সাথে তাঁর খেলোয়াড়ী জীবনের পার্থক্য গড়ে উঠে। অভিষেকের পর থেকে আয়ারল্যান্ডের মোট ওডিআইয়ের অর্ধেকেরও কম খেলায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক সচেতনতার অভাবই এর মূল কারণ ছিল। কিন্তু, যখনই তিনি মাঠে নামতেন তখন পরিসংখ্যানগতভাবে খুব কম খেলোয়াড়ই তাঁর তুলনায় সেরা ক্রীড়াশৈলী প্রদর্শন করতে সক্ষম হতেন। আয়ারল্যান্ডের শীর্ষ ওডিআই উইকেট শিকারীদের তালিকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন স্ট্রাইক রেটের অধিকারী তিনি।
২০১৫ সাল থেকে আয়ারল্যান্ডের পক্ষে টেস্ট, ওডিআই ও টি২০আইয়ে অংশ নিচ্ছেন। সেপ্টেম্বর, ২০১৪ সালে মালাহাইডে সফরকারী স্কটল্যান্ডের বিপক্ষে ওডিআইয়ে প্রথমবারের মতো অংশ নেন। বৈশ্বিকভাবে নবম বোলার হিসেবে অভিষেকে পাঁচ-উইকেট লাভ করার গৌরব অর্জন করেন। ঐ খেলায় তাঁর দল জয়লাভ করে। এ সময়ে তিনি সবেমাত্র সাসেক্সের কাছ থেকে কাউন্টি চুক্তি ছিন্ন হয়েছিলেন। তার পরিবর্তে ক্রিকেট আয়ারল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির আওতায় চলে আসেন।
২০২৩-২৪ মৌসুমে অ্যান্ডি বালবির্নি’র অধিনায়কত্বে সিরিজের একমাত্র টেস্ট খেলতে দলের সাথে সংযুক্ত আরব আমিরাত গমন করেন। ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে আবুধাবির টলারেন্স ওভালে আফগানিস্তানের বিপক্ষে ব্যারি ম্যাকার্থি ও থিও ফন ওরকমের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ২/৩১ ও ৩/২৪ লাভ করেন। এছাড়াও, ব্যাট হাতে ১ রানে অপরাজিত ছিলেন। খেলায় তাঁর দল ৬ উইকেটে জয়লাভ করে।
২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে অ্যান্ডি বালবির্নি’র নেতৃত্বাধীন আইরিশ দলের সদস্যরূপে জিম্বাবুয়ে সফরে যান। ৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ওভালে অনুষ্ঠিত স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। খেলায় তিনি ০/৩৬ ও ০/২০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। পাশাপাশি, ৫ ও ২ রান সংগ্রহ করেছিলেন। তবে, অ্যান্ডি ম্যাকব্রায়ানের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যের কল্যাণে সফরকারীরা ৬৩ রানে জয়লাভ করে।
২০২৫-২৬ মৌসুমে অ্যান্ডি বালবির্নি’র নেতৃত্বাধীন আইরিশ দলের সদস্যরূপে বাংলাদেশ গমন করেন। ১১ নভেম্বর, ২০২৫ তারিখে সিলেটে অনুষ্ঠিত স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৬* ও ০* রান সংগ্রহ করেন। এছাড়াও, ০/৫৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। মাহমুদুল হাসান জয়ের অসাধারণ ব্যাটিংয়ের কল্যাণে খেলায় তাঁর দল ইনিংস ও ৪৭ রানে পরাজিত হলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
