২২ মে, ১৯২৭ তারিখে ওয়াইকাতোর নারুয়াহিয়া এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ক্রিকেটের প্রকৃত ভদ্রোচিত খেলোয়াড় ছিলেন। ১৯৫০-৫১ মৌসুম থেকে ১৯৬৬-৬৭ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ড ও নর্দার্ন ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, জেন্টলম্যানের পক্ষে খেলেছেন। ১৯৫০ সালে প্লাঙ্কেট শীল্ডে অংশগ্রহণকারী অকল্যান্ডের পক্ষে খেলোয়াড়ী জীবনের যাত্রা শুরু করেন। এছাড়াও, তরুণদের নিয়ে গড়া দলের জ্যেষ্ঠ খেলোয়াড় হিসেবে ১৯৫৬-৫৭ মৌসুমে নর্দার্ন ডিস্ট্রিক্টস দলকে প্রথম-শ্রেণীর ক্রিকেটে উত্তরণ ঘটাতে বিরাট প্রভাব রাখেন। পরবর্তী দশ বছর দলে খেলে সর্বাধিকসংখ্যক ৫৭ খেলায় অংশ নেন। তন্মধ্যে, ১৯৫৬-৫৭ মৌসুম থেকে ১৯৬০-৬১ মৌসুম পর্যন্ত দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। সহজাত প্রকৃতির উইকেট-রক্ষক ছিলেন।
১৯৫৫ থেকে ১৯৬৬ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে সর্বমোট ১৪ টেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৫৫-৫৬ মৌসুমে হ্যারি কেভের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে পাকিস্তান ও ভারত সফরে যান। ২৬ অক্টোবর, ১৯৫৫ তারিখে লাহোরে অনুষ্ঠিত স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। নোয়েল হারফোর্ডের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ০ ও ৭ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। স্বাগতিকরা ৪ উইকেটে জয় পেলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
১৯৫৮ সালে জন রিডের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে যান। ৫ জুন, ১৯৫৮ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যাট হাতে নিয়ে ১ ও ৫* রান সংগ্রহসহ ছয়টি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। সফরকারীরা ২০৫ রানে পরাজিত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
একই সফরের ২৪ জুলাই, ১৯৫৮ তারিখে ম্যানচেস্টারে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৪৫ ও ৯ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, উইকেটের পিছনে অবস্থান করে একটি ক্যাচ গ্লাভসবন্দীকরণে অগ্রসর হন। ইনিংস ও ১৩ রানে জয়লাভ করে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে যায়।
এ সফরে খ্যাতির তুঙ্গে পৌঁছেন। নিউজিল্যান্ড দলের জন্যে শোচনীয় পর্যায়ের হলেও ব্যক্তিগতভাবে তিনি খুবই সফল ছিলেন। তিনি প্রফুল্ল চিত্তে খেলেন ও বাদ-বাকীদেরকে উদ্দীপনা জোগান। এ সিরিজ শেষে ভিক্টোরীয় যুগে থেকে জেন্টলম্যানের সদস্যরূপে প্লেয়ার্সের বিপক্ষে খেলার জন্যে মনোনীত হন।
১৯৫৮-৫৯ মৌসুমে নিজ দেশে প্রথমবারের মতো টেস্ট খেলেন। ঐ মৌসুমে পিটার মে’র নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২৭ ফেব্রুয়ারি, ১৯৫৯ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ৮ ও ২* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ গ্লাভসবন্দীকরণে অগ্রসর হয়েছিলেন। তবে, ঐ টেস্টে স্বাগতিকরা ইনিংস ও ৯৯ রানে পরাজয়বরণ করলে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।
১৯৬৫-৬৬ মৌসুমে নিজ দেশে মাইক স্মিথের নেতৃত্বাধীন এমসিসি দলের বিপক্ষে নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেন। ২৫ ফেব্রুয়ারি, ১৯৬৬ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৪৫ রান অতিক্রম করেন। খেলায় তিনি ৫৫ ও ১ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ১১ মার্চ, ১৯৬৬ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যাট হাতে ১২ ও ৬ রান সংগ্রহ করেন। এছাড়াও, দুইটি ক্যাচ গ্লাভসবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সিরিজটি ফলাফলবিহীন অবস্থায় শেষ হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
১৪ আগস্ট, ২০০৪ তারিখে বে অব প্লেন্টির ওমোকোরোয়া এলাকায় ৭৭ বছর ৮৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে। অকল্যান্ডের দলীয় সঙ্গী ও তাঁর নিকটতম বন্ধু রজার হ্যারিস তাঁর মৃত্যুর পর মন্তব্য করেন যে, ‘নর্দার্ন ডিস্ট্রিক্টসের পক্ষে খেলাকালীন অর্ধ-শতক সংগ্রহকালে তিনি স্মিতহাস্যে ‘বেশ ভালোমানের ব্যাটিং করেছো’ বলেন ও তারপর নিজ কর্মে মনোনিবেশ ঘটান। আমার সময়কালে তিনি নিউজিল্যান্ড ক্রিকেটে সেরা ভদ্রলোক ছিলেন।’
