১৯ ডিসেম্বর, ১৯৫৩ তারিখে ক্যান্টারবারির ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রাখতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৮০-এর দশকে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

মারকুটে ব্যাটসম্যান হিসেবে পরিচিতি লাভ করেন। এছাড়াও, মিডিয়াম পেস বোলিংয়ে পারদর্শীতা দেখান। কিন্তু উঁচু স্তরের ক্রিকেটের কোন বিভাগেই তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। কেবলমাত্র নিজের সেরা দিনেই কার্যকর ভূমিকা পালন করতে দেখা যেতো। তাঁর আগ্রাসী প্রকৃতির কারণে টেস্টে কখনো ধারাবাহিকভাবে খেলতে দেখা যায়নি। মিডিয়াম পেস বোলিংও প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সমীহের পাত্রে পরিণত হয়নি। স্যার গ্যারি সোবার্সকে পছন্দের তালিকার শীর্ষে রেখেছিলেন।

ঘরোয়া আসরের নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অল-রাউন্ডার হিসেবে ব্যাপক ভূমিকা রাখেন। ১৯৭৬-৭৭ মৌসুম থেকে ১৯৯০-৯১ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখেন। এ পর্যায়ে ক্যান্টারবারির প্রতিনিধিত্ব করেছিলেন। এক দশকের অধিক সময় দলের অন্যতম চালিকাশক্তিতে পরিণত হয়েছিলেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে দলের সর্বোচ্চ রান সংগ্রহকারীসহ ক্যান্টারবারির প্রথম খেলোয়াড় হিসেবে একশতটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণের গৌরব অর্জন করেন।

১৯৮০ থেকে ১৯৮৫ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে চারটিমাত্র টেস্ট ও ১৭টি ওডিআইয়ে অংশ নিয়েছিলেন। ১৯৭৯-৮০ মৌসুমে নিজ দেশে ক্লাইভ লয়েডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ৬ ফেব্রুয়ারি, ১৯৮০ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রবেশ করেন।

একই সফরের ২৯ ফেব্রুয়ারি, ১৯৮০ তারিখে অকল্যান্ডে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ব্যাট হাতে নিয়ে ৫ ও ২১ রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দীকরণে অগ্রসর হন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।

১৯৮০-৮১ মৌসুমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলেন। ঐ মৌসুমে জিওফ হাওয়ার্থের নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ২৮ নভেম্বর, ১৯৮০ তারিখে ব্রিসবেনে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যাট হাতে নিয়ে ৬ ও ০ রান সংগ্রহ করে উভয় ইনিংসেই ডেনিস লিলি’র শিকারে পরিণত হয়েছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। গ্রায়েম উডের অসাধারণ ব্যাটিং নৈপুণ্যে সফরকারীরা ১০ উইকেটে পরাজিত হলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে পিছিয়ে পড়ে।

১৯৮৪-৮৫ মৌসুমে প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেন। এ মৌসুমে জেরেমি কোনি’র নেতৃত্বাধীন কিউই দলের সদস্যরূপে পাকিস্তান গমন করেন। ১০ ডিসেম্বর, ১৯৮৪ তারিখে করাচীতে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ২১ রান অতিক্রম করেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৪০* রান সংগ্রহসহ দুইটি ক্যাচ তালুবন্দী করেন। এছাড়াও, বল হাতে ০/৬ ও ০/৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। সেলিম মালিকের অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও স্বাগতিকরা ২-০ ব্যবধানে সিরিজ জয় করে নেয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

টেস্টের তুলনায় ওডিআইয়ে অংশ নিয়েছেন অধিক। এখানেও তেমন কোন কার্যকর প্রভাব ফেলতে পারেননি। আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করতেন ও বল আটকানোর মানসিকতা থেকে নিজেকে দূরে সড়িয়ে রাখতেন। এরফলে, ছন্দে থাকাকালে বলকে সীমানার বাইরে ফেলতেই তিনি সন্তুষ্ট থাকতেন। তবে, বলে সাযুজ্জ্যতা আনয়ণ ও প্রতিরক্ষাব্যূহ গড়ে তুলতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে বেশ চড়া মূল্য গুণতে হয়। কিন্তু, নিউজিল্যান্ডীয় ক্রিকেট জগতে বেশ সাড়া জাগিয়েছিলেন।

সম্পৃক্ত পোস্ট