|

রোশন গুণেরত্নে

২৬ জানুয়ারি, ১৯৬২ তারিখে কলম্বোয় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ বোলার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। লেগ-ব্রেক বোলিং করতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নামতেন। ১৯৮০-এর দশকে শ্রীলঙ্কার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

১৯৮২-৮৩ মৌসুম থেকে ১৯৮৮-৮৯ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছিলেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর শ্রীলঙ্কান ক্রিকেটে কলম্বো ক্রিকেট ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন। ঘরোয়া ক্রিকেটের প্রথম বিভাগ প্রতিযোগিতায় নোম্যাডস স্পোর্টস ক্লাবে খেলতেন। এছাড়াও, এনসিসি, মুরস এসসি’র প্রতিনিধিত্ব করেছেন। কলম্বোভিত্তিক নালন্দা কলেজ জীবন শেষ করেন ও নিজস্ব দ্বিতীয় প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নেন। এপ্রিল, ১৯৮৩ সালে বোর্ড সভাপতি একাদশের সদস্যরূপে সফররত অস্ট্রেলীয় একাদশের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে। কেপলার ওয়েসেলস ও গ্রেগ চ্যাপেলের উইকেট পেয়েছিলেন তিনি। খেলায় ৬৬ রান খরচায় ২ উইকেট লাভ করেছিলেন। ফলশ্রুতিতে, তাঁকে টেস্ট দলে রাখা হয়।

১৯৮৩ সালে শ্রীলঙ্কার পক্ষে একটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৮২-৮৩ মৌসুমে নিজ দেশে গ্রেগ চ্যাপেলের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২২ এপ্রিল, ১৯৮৩ তারিখে ক্যান্ডিতে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। দল নির্বাচকমণ্ডলী প্রতিষ্ঠিত লেগ-স্পিনার সোমাচন্দ্র ডি সিলভা’র অংশগ্রহণ সত্ত্বেও তাঁকে দলে রাখে। তবে, খেলায় তেমন সুবিধে করতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া দল ৫১৪/৪ তুলে ইনিংস ঘোষণা করে। কোন উইকেট লাভ কিংবা রান সংগ্রহ করতে ব্যর্থতার পরিচয় দেন। ১৭ ওভারে ০/৮৪ বোলিং পরিসংখ্যান গড়েছিলেন। এছাড়াও, উভয় ইনিংসে শূন্য রানে অপরাজিত ছিলেন। তবে, কেপলার ওয়েলসেলসের অসাধারণ শতকের কল্যাণে ঐ খেলায় শ্রীলঙ্কা দল ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে পরাজয়বরণ করেছিল। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।

সমগ্র খেলোয়াড়ী জীবনে ১৩টি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নিয়ে ১৭ উইকেট দখল করেছিলেন। এরপর, মার্কিন যুক্তরাষ্ট্রে মাতা ও ভগ্নীর সাথে একত্রিত হন। ২১ জুলাই, ২০০৫ তারিখে মাত্র ৪৩ বছর ১৭৬ দিন বয়সে হৃদযন্ত্রক্রীয়ায় আক্রান্ত হয়ে ক্যালিফোর্নিয়ায় জীবনাবসান ঘটে। শ্রীধরন জগন্নাথন ও অনূঢ়া রানাসিংহের পর তৃতীয় শ্রীলঙ্কান টেস্ট ক্রিকেটার হিসেবে মৃত্যুমুখে পতিত হয়েছেন। তাঁর সম্মানার্থে ক্যান্ডিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কান দল কালো বাহুবন্ধনী পরিধান করে।

সম্পৃক্ত পোস্ট