৫ জুলাই, ১৯২৩ তারিখে চেশায়ারের স্টকপোর্ট এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন। ১৯৪০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
দীর্ঘকায় ও শক্ত মজবুত গড়নের অধিকারী ছিলেন। চমৎকার ভঙ্গীমায় বলকে ঘুরাতে পারতেন ও উত্তরোত্তর পেস বৃদ্ধি ঘটিয়ে ফাস্ট বোলারের উপযোগী করে তুলেন। ১৯৩৮ সালে সমারসেট দলের কর্মী হিসেবে যোগ দেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সমারসেট এবং নিউজিল্যান্ডীয় ক্রিকেটে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের প্রতিনিধিত্ব করেছেন। ১৯৪৭ থেকে ১৯৬০ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ১৯৪৭ সালে লর্ডসে মিডলসেক্সের বিপক্ষে নিজস্ব প্রথম খেলায় অংশ নেন। অভিষেক খেলাটি দূর্দান্ত হয়েছিল তাঁর। ৩/৪৭ ও ৫/৩৯ পান। এরপর, ১০ নম্বর অবস্থানে ব্যাটিংয়ে নেমে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলের বিপর্যয় রোধ করতে সাহসী ভূমিকা রাখেন। ঐ খেলায় কাউন্টি চ্যাম্পিয়ন দলকে এক উইকেটে পরাজিত করে তাঁর দল। স্বাভাবিকভাবে ঐ মৌসুমের শেষ পর্যন্ত স্বীয় স্থান অক্ষুণ্ন রাখেন।
তুলনামূলকভাবে বড় ধরনের রান সংগ্রহের খেলায় উইকেট পেতে কিঞ্চিৎ বেশী রান খরচ করেছিলেন। তবে, সব মিলিয়ে চমৎকার অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যের স্বাক্ষর রেখেছিলেন। ১৯৫৯ মৌসুম শেষে দলের অধিনায়কত্ব করা থেকে বিরত থাকেন।
১৯৪৮ সালে সব মিলিয়ে তিনটি টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলো টেস্টই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন। ১৯৪৭-৪৮ মৌসুমে গাবি অ্যালেনের নেতৃত্বাধীন এমসিসি দলের সাথে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফরে যান। অনেকটা পরীক্ষামূলকভাবে তাঁকে দলে রাখা হয়েছিল। ২১ জানুয়ারি, ১৯৪৮ তারিখে ব্রিজটাউনে অনুষ্ঠিত স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ডেনিস ব্রুকস, জেরাল্ড স্মিথসন, জিম লেকার ও উইনস্টন প্লেসের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ঐ খেলায় তিনি ১/৪৯ ও ০/৪০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, একবার ব্যাটিংয়ে নেমে শূন্য রানে অপরাজিত ছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ৩ মার্চ, ১৯৪৮ তারিখে জর্জটাউনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় টেস্ট খেলেন। খেলায় তিনি ০ ও ১৮* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৩৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। স্বাগতিকরা ৭ উইকেটে জয়লাভ করলে সিরিজে এগিয়ে যায়।
এরপর, ২৭ মার্চ, ১৯৪৮ তারিখে কিংস্টনে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্ট খেলেন। খেলায় তিনি বল হাতে নিয়ে ২/৯৮ ও ০/৪ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। এছাড়াও, ০ ও ২ রান সংগ্রহ করে উভয় ক্ষেত্রে হাইন্স জনসনের শিকারে পরিণত হয়েছিলেন। ১০ উইকেটে পরাজিত হলে তাঁর দল ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। এ সফরে তেমন সুবিধে করতে পারেননি। ব্যাটিং গড়ে তলানীতে অবস্থান করেন ও বল হাতে নিয়ে ৭০ গড়ে দশ উইকেট পেয়েছিলেন।
১৯৫৬ সালে আর্থিক সুবিধা গ্রহণের খেলার জন্যে মনোনীত হয়েছিলেন। ১৯৬০ মৌসুমে কয়েকটি খেলায় অংশ নেয়ার পর অবসর গ্রহণ করে গিনেসে চাকুরীতে যোগ দেন। সবগুলো প্রথম-শ্রেণীর খেলায় অংশ নিয়ে ষোল শতক সহযোগে ২৫.৩৭ গড়ে ১৬০৩৮ রান ও ৩০.৬৩ গড়ে ৩৫১ উইকেট দখল করেছিলেন। ১৯৫১ সালে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৫ রান সংগ্রহ করেছিলেন।
প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর সাউদাম্পটনে বসবাস করতে থাকেন। ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। টিম ট্রেমলেট নামীয় সন্তান হ্যাম্পশায়ারের পক্ষে খেলেছে। ৩০ জুলাই, ১৯৮৪ তারিখে হ্যাম্পশায়ারের সাউদাম্পটন এলাকায় ৬১ বছর ২৫ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
