৫ অক্টোবর, ১৯৯৫ তারিখে ত্রিনিদাদের অ্যারিমা এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিং করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০১৩ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে ত্রিনিদাদ ও টোবাগোর প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলসহ অনূর্ধ্ব-১৯ দলের পক্ষে খেলেছেন। ২ মে, ২০১৩ তারিখে কিংস্টনে জ্যামাইকা বনাম ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে একটিমাত্র টেস্টে অংশ নিয়েছেন। ২০২১-২২ মৌসুমে ক্রেগ ব্রাদওয়েটের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের সাথে শ্রীলঙ্কা গমন করেন। ২১ নভেম্বর, ২০২১ তারিখে গল স্টেডিয়ামে অনুষ্ঠিত স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। প্রথম ইনিংসে ১১৬.১ ওভার চলাকালীন অধিনায়ক ডিমুথ করুণারত্নে’র পুল শটে শর্ট-লেগ অঞ্চলে উইকেটের কাছাকাছি এলাকায় অবস্থানকালে বলটি মাথায় আঘাত করে। হেলমেটের গ্রীল ভেদ করে তাঁকে রক্তাক্ত করে। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে প্রেরণ করা হয়। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে শাই হোপকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়। তবে, প্রতিপক্ষীয় অধিনায়ক ডিমুথ করুণারত্নে’র অসাধারণ ব্যাটিং সাফল্যে স্বাগতিকরা ১৮৭ রানে জয় পেয়ে দুই-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।

সম্পৃক্ত পোস্ট