১৯ সেপ্টেম্বর, ১৯৮৭ তারিখে কেপটাউনে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ অল-রাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিং করে থাকেন। ২০১০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
রাগবি-ম্যাড এগ্রিকালচারাল হাই স্কুলে অধ্যয়ন করেছেন। এ সময়ে তিনি ফাস্ট বোলার হিসেবে পরিচিতি লাভ করেন। তবে, বোল্যান্ডে যুক্ত হবার পর ব্যাটসম্যানে পরিণত হন। তবে, প্রোটীয়দের পক্ষে মিডিয়াম-পেস বোলার হিসেবে খেলেন। ডানহাতি হলেও বামহাতে ব্যাটিং করেন।
২০০৬-০৭ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড় জীবন চলমান রাখেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে বোল্যান্ড, কেপ কোবরাজ ও ওয়েস্টার্ন প্রভিন্স এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে সাসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ওয়ারিয়র্সের পক্ষে খেলেছেন। ২৬ অক্টোবর, ২০০৬ তারিখে স্টেলেনবশে অনুষ্ঠিত কেই বনাম বোল্যান্ডের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। র্যাম স্ল্যাম টি২০ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় কেপ কোবরাজের পক্ষে খেলেছেন।
ফুরফুরে মেজাজ নিয়ে ব্যাটিং কর্মে অগ্রসর হন। ঘরোয়া আসরে ক্রমাগত দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শনের সুবাদে তাঁকে টেস্ট দলে ঠাঁই দেয়া হয়। ২০১৩ সালে ৫৮.৩১ গড়ে ৯৩৩ রান তুলে সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। এর পূর্বের বছর দ্বিতীয় স্থানে ছিলেন। এছাড়াও, সীমিত-ওভারের ক্রিকেটে কিছুটা সফলতা পেলেও নিজেকে দীর্ঘ সংস্করণের ক্রিকেটের উপযোগী করে তুলেন।
২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়কালে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বমোট ১২ টেস্টে অংশ নিয়েছিলেন। ২০১৪-১৫ মৌসুমে নিজ দেশে দিনেশ রামদিনের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১৭ ডিসেম্বর, ২০১৪ তারিখে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। শতক হাঁকিয়ে অভিষেক পর্বকে স্মরণীয় করে রাখেন। এ শতকটি অভিষেক টেস্টে শততম শতরানের মর্যাদা পায়। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ১০১* রান সংগ্রহ করেছিলেন। তবে, দলীয় অধিনায়ক হাশিম আমলা’র অনবদ্য দ্বি-শতকের কল্যাণে ঐ খেলায় স্বাগতিক দল খুব সহজে ইনিংস ও ২২০ রানের ব্যবধানে জয় তুলে নিলে তিন-টেস্ট নিয়ে গড়া সিরিজে এগিয়ে যায়।
২০১৬ সালে নিজ দেশে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন কিউই দলের মুখোমুখি হন। ২৭ আগস্ট, ২০১৬ তারিখে সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত সফররত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৩৫ ও ৫ রান সংগ্রহ করে উভয় ইনিংসে নীল ওয়াগনারের শিকারে পরিণত হন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দীসহ ০/১৫ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। কুইন্টন ডি ককের অসাধারণ অল-রাউন্ড ক্রীড়া নৈপুণ্যে স্বাগতিকরা ২০৪ রানে জয়লাভ করলে ১-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়। এ সিরিজে সর্বমোট ৪০ রান তুলতে পেরেছিলেন ও উইকেটশূন্য অবস্থায় মাঠ ত্যাগ করেছিলেন। মার্চ, ২০১৮ সালের পর থেকে দক্ষিণ আফ্রিকায় পেশাদারী পর্যায়ে ক্রিকেট খেলেননি।
৬ অক্টোবর, ২০২০ তারিখে সাসেক্সের ২০২১ সালের বিদেশী খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ হন। এছাড়াও, বাংলাদেশ প্রিমিয়ার লীগে কুমিল্লা ওয়ারিয়র্সের পক্ষে খেলেছেন।
২০১৪ সালে সাউথ আফ্রিকান ক্রিকেট অ্যানুয়েল কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননাপ্রাপ্ত হন।
