৩১ জুলাই, ১৯১৬ তারিখে অকল্যান্ডের ডেভনপোর্টে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে বোলিং করতেন। নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
১৯৩৭-৩৮ মৌসুম থেকে ১৯৫২-৫৩ মৌসুম পর্যন্ত প্রথম-শ্রেণীর ক্রিকেট জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। প্লাঙ্কেট শীল্ডে বড় ধরনের রান সংগ্রাহকে পরিণত হন। ‘স্কটি’ কিংবা ‘দ্য স্কটসম্যান’ ডাকনামে পরিচিতি লাভ করেন। বিশাল দেহের অধিকারী ছিলেন। যে-কোন পায়ের উপর ভর রেখে, তেমন দৃষ্টিনন্দন খেলা উপহার দেননি। তবে, বাহুতে জোর খাটিয়ে দ্রুততার সাথে স্ট্রোক খেলতেন।
১৯৪৬ থেকে ১৯৫২ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে দশ টেস্টে অংশ নেয়ার সুযোগ পেয়েছিলেন। ১৯৪৫-৪৬ মৌসুমে নিজ দেশে বিল ব্রাউনের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৯ মার্চ, ১৯৪৬ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ম্যাক অ্যান্ডারসন, সেস বার্ক, গর্ডন রো, ডন ম্যাক্রে ও লেন বাটারফিল্ডের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ১৪ ও ৪ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। চার-দিন নিয়ে গড়া ঐ টেস্টটি মাত্র দুই দিনে শেষ হয়ে যায়। স্বাগতিক দল ৪২ ও ৫৪ রানে গুটিয়ে গেলে প্রতিপক্ষের কাছে ইনিংস ও ১০৩ রানে পরাভূত হয়।
১৯৪৬-৪৭ মৌসুমে নিজ দেশে ওয়ালি হ্যামন্ডের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২১ মার্চ, ১৯৪৭ তারিখে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সন্ধান পান। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ১৪ রান অতিক্রম করেন। বৃষ্টিবিঘ্নিত খেলায় দলের একমাত্র ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১৮ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ায়।
১৯৪৯ সালে ইংল্যান্ড অভিমুখে ওয়াল্টার হ্যাডলি’র নেতৃত্বাধীন কিউই দলের অন্যতম সদস্য ছিলেন। প্রথমবারের মতো ইংল্যান্ড সফরে বার্ট সাটক্লিফ ও মার্টিন ডনেলি’র সাফল্যে ম্লান হয়ে পড়লেও অন্যতম সেরা নির্ভরশীল ব্যাটসম্যানের মর্যাদাপ্রাপ্ত হন। এ সফরে ৪০.৩০ গড়ে চার শতক সহযোগে ১৫৭২ রান সংগ্রহ করেছিলেন। উদ্বোধনী সঙ্গী হিসেবে বার্ট সাটক্লিফের যোগ্য সহচর ছিলেন। টেস্টগুলোয় তাঁদের ভূমিকা সবিশেষ পরিলক্ষিত হয়। লিডস টেস্টে ১২২ রানের জুটি গড়েন। লর্ডসে ৮৯ ও ওভালে ১২১ রানের জুটি গড়ে দলের ভিত্তি আনয়ণে সচেষ্ট ছিলেন।
১১ জুন, ১৯৪৯ তারিখে লিডসে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার সন্ধান পান। দ্বিতীয় ইনিংসে ১৯ রানে পৌঁছানোকালে পূর্বেকার ব্যক্তিগত সর্বোচ্চ রানকে ছাঁপিয়ে যান। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ১ ও ৪৩ রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে চার-টেস্ট নিয়ে গড়া সিরিজটি অমিমাংসিত অবস্থায় অগ্রসর হতে থাকে।
একই সফরের ১৩ আগস্ট, ১৯৪৯ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ৪৪ রানে পৌঁছানোকালে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ রান অতিক্রম করেন। ৬০ ও ৬ রান সংগ্রহ করেন। খেলাটি ড্রয়ে পরিণত হলে অমিমাংসিত অবস্থায় সিরিজটি শেষ হয়।
১৯৫০-৫১ মৌসুমে নিজ দেশে ফ্রেডি ব্রাউনের নেতৃত্বাধীন এমসিসি দলের মুখোমুখি হন। ২৪ মার্চ, ১৯৫১ তারিখে ওয়েলিংটনে অনুষ্ঠিত সফররত ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের ছাঁপ রাখেন। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত পূর্বতন ৬০ রানের সমকক্ষ হন। খেলায় তিনি ০ ও ৬০ রান সংগ্রহ করেছিলেন। সফরকারীরা ৫ উইকেটে জয় পেলে সিরিজে ১-০ ব্যবধানে বিজয়ী হয়।
১৯৫১-৫২ মৌসুমে নিজ দেশে জন গডার্ডের নেতৃত্বাধীন ক্যারিবীয় দলের মুখোমুখি হন। ১৫ ফেব্রুয়ারি, ১৯৫২ তারিখে অকল্যান্ডের ইডেন পার্কে অনুষ্ঠিত সফররত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সাফল্যের সাথে নিজেকে জড়ান। সর্বোচ্চ রানের ইনিংস খেলেন। প্রথম ইনিংসে ৬১ রানে পৌঁছানোকালে পূর্বতন সর্বোচ্চ রান অতিক্রম করেন। চার ঘণ্টার অধিক সময় নিয়ে একবার ব্যাট হাতে ৮৪ রান তুলে দলের বিপর্যয় রোধ করেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ১-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
২ আগস্ট, ১৯৮০ তারিখে অকল্যান্ডের ডেভনপোর্টে অনেকটা আকস্মিকভাবে ৬৪ বছর ২ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
