|

মীর হামজা

১০ সেপ্টেম্বর, ১৯৯২ তারিখে সিন্ধু প্রদেশের করাচীতে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ বোলার হিসেবে খেলছেন। বামহাতে মিডিয়াম বোলিং করেন। পাশাপাশি, বামহাতে নিচেরসারিতে ব্যাটিংয়ে নেমে থাকেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

২০১২ সাল থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে করাচী কিংস, করাচী ডলফিন্স, করাচী হোয়াইটস ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের পক্ষে খেলেছেন। ২৮ ডিসেম্বর, ২০১২ তারিখে করাচীতে অনুষ্ঠিত করাচী হোয়াইটস বনাম লাহোর শালিমারের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান।

২০১৮ সাল থেকে পাকিস্তানের পক্ষে টেস্ট ক্রিকেটে অংশ নিচ্ছেন। ২০১৮-১৯ মৌসুমে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সাথে সংযুক্ত আরব আমিরাত গমন করেন। ১৬ অক্টোবর, ২০১৮ তারিখে আবুধাবিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ফখর জামানের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৪* ও ০* রান সংগ্রহ করেছেন। ০/২৭ ও ১/৪০ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, মোহাম্মদ আব্বাসের অসাধারণ বোলিংশৈলীর কল্যাণে পাকিস্তান দল ৩৭৩ রানে জয় পেয়ে ১-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

২০২৩-২৪ মৌসুমে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সাথে অস্ট্রেলিয়া গমন করেন। ৩ জানুয়ারি, ২০২৪ তারিখে সিডনিতে অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ৭* ও ১* রান সংগ্রহ করেছিলেন। এছাড়াও, বল হাতে নিয়ে ১/৫৩ ও ০/৯ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। তবে, আমির জামালের অসাধারণ ক্রীড়াশৈলী প্রদর্শন সত্ত্বেও ঐ টেস্টে তাঁর দল আট উইকেটে পরাজয়বরণ করলে ৩-০ ব্যবধানে ধবল ধোলাইয়ের শিকার হয়।

২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট খেলেন। ঐ মৌসুমে শান মাসুদের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে দক্ষিণ আফ্রিকা সফরে যান। ৩ জানুয়ারি, ২০২৫ তারিখে কেপটাউনে অনুষ্ঠিত স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগতভাবে সফল ছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ১৩ রান অতিক্রম করেন। খেলায় তিনি ১৩ ও ১৬ রান সংগ্রহ করেন। এছাড়াও, বল হাতে নিয়ে ২/১২৭ বোলিং বিশ্লেষণ দাঁড় করান। রায়ান রিকলটনের দূর্দান্ত দ্বি-শতকের কল্যাণে সফরকারীরা ১০ উইকেটে পরাভূত হলে ২-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়।

২০১৯ সালে কাউন্টি চ্যাম্পিয়নশীপের দ্বিতীয় বিভাগে সাসেক্সের প্রতিনিধিত্ব করেন।

সম্পৃক্ত পোস্ট