২৭ মে, ১৮৭০ তারিখে ল্যাঙ্কাশায়ারের ব্রাউটন ইস্ট এলাকায় জন্মগ্রহণকারী খ্যাতনামা ক্রিকেটার ও প্রশাসক ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম কিংবা ডানহাতে স্লো-বোলিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। ১৯০০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ক্লিভডনভিত্তিক বিদ্যালয়ে শুরুরদিকের পড়াশুনো লাভের পর রেপ্টনে অধ্যয়ন করেছেন। দর্শনীয় ব্যাটিংয়ের পাশাপাশি দূর্দান্ত বোলিং নৈপুণ্যে ভাস্বর ছিলেন। দশ বছর বয়সে বিদ্যালয়ের খেলায় উপর্যুপরী বলগুলো থেকে সাত উইকেট লাভ করেছিলেন। ১৮৮৬ সালে রেপ্টনের প্রথম একাদশে খেলেন। পরের তিন বছরও খেলেছিলেন। তন্মধ্যে, ১৮৮৮ ও ১৮৮৯ সালে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। শেষ বর্ষে তিনি ২৯ গড়ে রান পেয়েছেন ও ১২-এর অল্প বেশী গড়ে ৫৬ উইকেট দখল করেছিলেন।
১৮৮৯ সালের শরৎকালে অক্সফোর্ডে চলে যান। দর্শনীয় ও প্রাণান্তঃকর ব্যাটিংশৈলী প্রদর্শনে নিজেকে মেলে ধরেন। ১৮৯০ থেকে ১৮৯৩ সময়কালে বিশ্ববিদ্যালয়ের খেলায় চারবার খেলেন। তন্মধ্যে, শেষ দুই বছর দলকে নেতৃত্ব দেন।
ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সমারসেট দলের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দলের পক্ষে খেলেছেন। ১৮৯০ থেকে ১৯০৯ সাল পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। এককভাবে দৃষ্টিনন্দন ভঙ্গীমায় ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন। সমারসেটের সাথে নৈকট্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। ১৮৯০ সালে সমারসেটের পক্ষে প্রথমবারের মতো খেলতে নামেন। ঐ সময়ে দলটি প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদাপ্রাপ্ত ছিল না। তবে, পরবর্তী মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশীপে দলটি প্রবেশ করে। ঐ মৌসুমে ৩১ গড়ে ৫৬০ রান তুলেন। ১৮৯২ সালে ৩১ গড়ে ১৩৪৩ রান তুলে অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে নিজের পরিচিতি ঘটান। লর্ডসে জেন্টলম্যানের সদস্যরূপে প্লেয়ার্সের বিপক্ষে খেলেন।
১৯০২ সালে সব মিলিয়ে ইংল্যান্ডের পক্ষে মাত্র দুই টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। উভয় টেস্টই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন। ঐ বছর নিজ দেশে জো ডার্লিংয়ের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ২৪ জুলাই, ১৯০২ তারিখে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টে অংশ নেন। ফ্রেড টেটের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খ্যাতনামা ঐ টেস্টে তাঁর দল অজিদের কাছে নাটকীয়ভাবে মাত্র ৩ রানে পরাজয়বরণ করলে স্বাগতিকরা পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। খেলায় তিনি ৬ ও ১৭ রান সংগ্রহ করে উভয় ইনিংসে জ্যাক সন্ডার্সের বলে বিদেয় নেন। পাশাপাশি, দুইটি ক্যাচ তালুবন্দী করেছিলেন।
এরপর, ১১ আগস্ট, ১৯০২ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ২০ ও ৬ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ১ উইকেটে জয় পেলেও ২-১ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীকালে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রশাসনের দিকে ঝুঁকে পড়েন। ১৯২৯ সালে সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
২৭ মার্চ, ১৯৩৩ তারিখে ডেভনের এক্সমাউথ এলাকায় ৬২ বছর ৩০৪ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
