৩ নভেম্বর, ১৯৫১ তারিখে পাঞ্জাবের লাহোরে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখে গেছেন। বামহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। পাকিস্তানের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
টেস্ট ক্রিকেটার শাফকাত রানা ও আম্পায়ার শাকুর রানা’র কনিষ্ঠ ভ্রাতা ছিলেন। পাকিস্তানের ঘরোয়া পর্যায়ের ক্রিকেটে ক্রমাগত সফলতার স্বাক্ষর রেখে গেছেন। ১৯৬৯-৭০ মৌসুম থেকে ১৯৮৩-৮৪ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে বাহাওয়ালপুর, মুসলিম কমার্শিয়াল ব্যাংক, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ও পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেছেন।
১৯৭৮ থেকে ১৯৮০ সময়কালে পাকিস্তানের পক্ষে একটিমাত্র টেস্ট ও দুইটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। ১৯৭৮ সালে নিজ দেশে ভারতীয় দলের মুখোমুখি হন। ১৩ অক্টোবর, ১৯৭৮ তারিখে শিয়ালকোটে অনুষ্ঠিত সফররক ভারতের বিপক্ষে ওডিআইয়ে অংশ নেয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট জীবনের যাত্রা শুরু করেন।
১৯৭৯-৮০ মৌসুমে নিজ দেশে গ্রেগ চ্যাপেলের নেতৃত্বাধীন অজি দলের মুখোমুখি হন। ১৮ মার্চ, ১৯৮০ তারিখে লাহোরে অনুষ্ঠিত সফররত অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। আজহার খানের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। একমাত্র ইনিংসে অংশ নিয়ে ৪৯ রান সংগ্রহ করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালেও স্বাগতিকরা ১-০ ব্যবধানে সিরিজে জয়লাভ করে।
তবে, শক্তিশালী ব্যাটিং অবস্থান নিয়ে গড়া পাকিস্তান দলের পক্ষে আর তাঁকে বিবেচনায় আনা হয়নি। তাসত্ত্বেও, ঘরোয়া পর্যায়ে ঠিকই বেশ ভালোমানের ক্রীড়াশৈলী উপস্থাপন করে গেছেন।
৩০ মে, ২০১৫ তারিখে ৬৩ বছর ২০৮ দিন বয়সে লাহোরে তাঁর দেহাবসান ঘটে।
