৮ জুন, ১৮৯১ তারিখে ট্রান্সভালের জোহানেসবার্গে জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। মূলতঃ উইকেট-রক্ষণে অগ্রসর হতেন। উইকেট-রক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি ডানহাতে ব্যাটিং করতেন। ১৯২০-এর দশকে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।
ইউনিভার্সিটি কলেজ স্কুলে অধ্যয়ন শেষে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেন। ১৯০৯ থেকে ১৯৩৬-৩৭ মৌসুম পর্যন্ত সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ট্রান্সভাল এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন মিডলসেক্সের পক্ষে কয়েকটি খেলায় অংশ নেন। এরপর নিজ দেশে চলে আসেন ও ট্রান্সভালের সাথে যুক্ত হন। দলটির পক্ষে কারি কাপে ছয় শতক সহযোগে ৪৯.৯০ গড়ে ২৫৯৫ রান তুলেন।
১৯২৬-২৭ মৌসুমে এইচ. বি. ক্যামেরনের সাথে ট্রান্সভালের পক্ষে নতুন রেকর্ড গড়েন। ষষ্ঠ উইকেটে ইস্টার্ন প্রভিন্সের বিপক্ষে তাঁরা ২০৭ রানের জুটি গড়েন।
১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকার পক্ষে পাঁচটিমাত্র টেস্টে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। সবগুলোই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন। ঐ বছর এইচ. ডব্লিউ. টেলরের নেতৃত্বাধীন স্প্রিংবকের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন। ১৪ জুন, ১৯২৪ তারিখে বার্মিংহামে অনুষ্ঠিত স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের উদ্বোধনী অংশ নেন। নামি ডিন ও জর্জ পার্কারের সাথে তাঁর একযোগে টেস্ট অভিষেক পর্ব সম্পন্ন হয়। খেলায় তিনি ৩ ও ৫১ রান সংগ্রহ করেছিলেন। ইনিংস ও ১৮ রানে পরাজিত হলে সফরকারীরা সিরিজে পিছিয়ে পড়ে।
এরপর, ২৮ জুন, ১৯২৪ তারিখে লর্ডসে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টেস্টে অংশ নেন। ব্যক্তিগত সফলতার ছাঁপ রাখেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৫১ রান অতিক্রম করেন। খেলায় তিনি ব্যাট হাতে নিয়ে ৬৪ ও ৫৩ রান সংগ্রহ করেছিলেন। স্বাগতিকরা ইনিংস ও ১৮ রানে জয়লাভ করলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
একই সফরের ২৬ জুলাই, ১৯২৪ তারিখে ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত সিরিজের চতুর্থ টেস্ট খেলেন। খেলার একমাত্র ইনিংসে তিনি ৫ রান সংগ্রহ করেছিলেন। তবে, বৃষ্টিবিঘ্নিত খেলাটি ড্রয়ে পরিণত হলে পাঁচ-টেস্ট নিয়ে গড়া সিরিজে সফরকারীরা ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে।
এরপর, ১৬ আগস্ট, ১৯২৪ তারিখে ওভালে অনুষ্ঠিত সিরিজের পঞ্চম ও চূড়ান্ত টেস্টে অংশ নেন। ব্যক্তিগতভাবে সফল ছিলেন। প্রথম ইনিংসে ব্যক্তিগত পূর্বতন সর্বোচ্চ ৬৪ রান অতিক্রম করেন। খেলায় তিনি দলের একমাত্র ইনিংসে ৬৫ রান সংগ্রহসহ একটি ক্যাচ তালুবন্দী করেছিলেন। খেলাটি ড্রয়ের দিকে গড়ালে সফরকারীরা ৩-০ ব্যবধানে সিরিজ খোঁয়ায়। পরবর্তীতে, এটিই তাঁর সর্বশেষ টেস্টে পরিণত হয়।
সিরিজের সবকটি টেস্টে তাঁর অংশগ্রহণ ছিল। ৩৩.৫০ গড়ে ২৬৮ রান তুলে টেস্ট গড়ে দ্বিতীয় স্থানে ছিলেন। এছাড়াও, ঐ সফরে ৩২.৬৪ গড়ে দুই শতক সহযোগে ১৪৬৯ রান সংগ্রহ করেছিলেন। দীর্ঘকায় গড়নের অধিকারী। নিজস্ব ধাঁচ অবলম্বনে বল ঠেকিয়ে খেলার প্রবণতার কারণে এ সফরে বেশ সমালোচনার মুখোমুখি হন।
ক্রিকেটের বাইরে জোহানেসবার্গ স্টক এক্সচেঞ্জে ত্রিশ বছর ধরে সদস্য ছিলেন। ৯ জুলাই, ১৯৫৭ তারিখে ট্রান্সভালের জোহানেসবার্গে মাটিতে পড়ে ৬৬ বছর ৩১ দিন বয়সে তাঁর দেহাবসান ঘটে।
