|

শারজিল খান

১৪ আগস্ট, ১৯৮৯ তারিখে সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে জন্মগ্রহণকারী ক্রিকেটার। মূলতঃ উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেন। বামহাতে আগ্রাসী ব্যাটিং করেন। এছাড়াও, দলের প্রয়োজনে লেগ-ব্রেক বোলিংয়ে অগ্রসর হয়ে থাকেন। পাকিস্তানের পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন।

৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার) উচ্চতার অধিকারী। ২০০৯-১০ মৌসুম থেকে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রাখছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর পাকিস্তানী ক্রিকেটে হায়দ্রাবাদ, ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও জারাই তারাকিয়াতি ব্যাংক লিমিটেডের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও, হায়দ্রাবাদ হকস, ইসলামাবাদ ইউনাইটেড ও করাচী কিংসের পক্ষে খেলেছেন। ১০ অক্টোবর, ২০০৯ তারিখে ইসলামাবাদে অনুষ্ঠিত হায়দ্রাবাদ বনাম ইসলামাবাদের মধ্যকার খেলায় অংশ নেয়ার মাধ্যমে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবনের সূত্রপাত ঘটান। প্রথম ইনিংসে তিনি মাত্র এক রান তুলতে পেরেছিলেন। ঐ মৌসুমে সব মিলিয়ে ৮ রান পেয়েছিলেন। তবে, পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা টি২০ ব্লিৎজেসে দুইটি শতক হাঁকিয়ে নিজের প্রতিভাকে তুলে ধরতে সচেষ্ট হন।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটসহ পাকিস্তান ‘এ’ দলের পক্ষেও দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। ২০১৬ সালে পাকিস্তান সুপার লীগের উদ্বোধনী আসরে ইসলামাবাদ ইউনাইটেড দলের সদস্যরূপে খেলছেন। নক-আউট পর্বে পেশাওয়ার জালমি’র বিপক্ষে ৬২ বলে ১১৭ রান হাঁকিয়েছিলেন লীগের প্রথম শতরান করার গৌরব অর্জন করেন। ঐ প্রতিযোগিতায় ১৪৯.২৫ স্ট্রাইক রেটে ৩০০ রান তুলেন। উমর আকমল ও রবি বোপারা’র পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন।

২০১৩ সাল থেকে পাকিস্তানের পক্ষে একটিমাত্র টেস্ট, ২৫টি ওডিআই ও ১৫টি টি২০আইয়ে অংশ নিচ্ছেন। মারকুটে ব্যাটিংয়ের কারণে ডিসেম্বর, ২০১৩ সালে সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই ও টি২০আই সিরিজ খেলার উদ্দেশ্যে পাকিস্তান দলে অন্তর্ভুক্ত করা হয়। ৮ ডিসেম্বর, ২০১৩ তারিখে শারজায় আফগানিস্তানের বিপক্ষে টি২০আইয়ে প্রথমবারের মতো অংশ নেন। নিজস্ব দ্বিতীয় খেলায় ৩৪ রান তুলে প্রতিশ্রুতিশীলতার স্বাক্ষর রাখেন। এরপর, তৃতীয় টি২০আইয়ে মাত্র ২৫ বল মোকাবেলা করে ৫০ রান সংগ্রহ করেছিলেন।

পরবর্তীতে, ১৮ ডিসেম্বর, ২০১৩ তারিখে শারজায় অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে নিজস্ব প্রথম ওডিআইয়ে অংশ নিয়ে ৬১ রান তুলেন। এরফলে, কোচ ডেভ হোয়াটমোরের কাছ থেকে উচ্ছ্বসিত প্রশংসা কুড়ান ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হিসেবে বিবেচিত হন। সীমিত-ওভারের খেলায় ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সফল হন। ফলশ্রুতিতে, দলের সাথে অস্ট্রেলিয়া সফরের সুযোগ পান।

২০১৬-১৭ মৌসুমে মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন পাকিস্তানী দলের সদস্যরূপে অস্ট্রেলিয়া গমন করেন। ৩ জানুয়ারি, ২০১৭ তারিখে সিডনিতে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও চূড়ান্ত টেস্টে তাঁর অভিষেক পর্ব সম্পন্ন হয়। ৪ ও ৪০ রান সংগ্রহ করেছিলেন। তবে, ডেভিড ওয়ার্নারের অসাধারণ ব্যাটিংশৈলীর কল্যাণে স্বাগতিকরা ২২০ রানে জয় পেয়ে ৩-০ ব্যবধানে সিরিজে বিজয়ী হয়।

২০১৬ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে নিজস্ব প্রথম আন্তর্জাতিক শতকের সন্ধান পান। ১৫২ রানের মনোমুগ্ধকর ইনিংস উপহার দেন। অর্ধ-শতকের জন্যে ৩৪ বল ও শতক হাঁকানোর জন্যে ৬১ বল খরচ করেছিলেন। এ শতকের কল্যাণে ওডিআইয়ে পাকিস্তানের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সাঈদ আনোয়ার ও ইমরান নাজিরের পর তৃতীয় স্থানে চলে আসেন। এছাড়াও, এবি ডি ভিলিয়ার্সশেন ওয়াটসনের পর দ্রুততম দেড়শত রানের ইনিংসের সর্বকালের তালিকায় তৃতীয় স্থান দখল করেন।

পিএসএলে অনিন্দ্য সুন্দর ব্যাটিংয়ের কারণে তাঁকে ২০১৬ সালের এশিয়া কাপে পাকিস্তান দলে ঠাঁই দেয়া হয়। এরপর, ২০১৬ সালের বিশ্ব টি২০ প্রতিযোগিতায় আঘাতগ্রস্ত বাবর আজমের স্থলাভিষিক্ত হয়েছিলেন। ২০১৭ সালের পাকিস্তান সুপার লীগের আসরে দূর্নীতির অভিযোগে পাকিস্তান ক্রিকেট বোর্ড দলীয় সঙ্গী খালিদ লতিফসহ তাঁকে অভিযুক্ত করে। পিসিবি থেকে দূর্নীতি-বিরোধী নিয়ম ভঙ্গের কারণে সাময়িক বহিষ্কৃত হন। ৩০ আগস্ট, ২০১৭ তারিখে অভিযোগ প্রমাণিত হলে ৫ বছরের জন্যে সকল স্তরের ক্রিকেটে অংশগ্রহণ করা থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Similar Posts

  • | | |

    শেন ওয়াটসন

    ১৭ জুন, ১৯৮১ তারিখে কুইন্সল্যান্ডের ইপ্সউইচ এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ও কোচ। মূলতঃ অল-রাউন্ডার হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে ফাস্ট-মিডিয়াম বোলিং করতেন। অস্ট্রেলিয়ার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন ও দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। বব ওয়াটসন ও বার্ব ওয়াটসন দম্পতির সন্তান। নিকোল ওয়াটসন নাম্নী ভগ্নী রয়েছে। ‘ওয়াটো’ ডাকনামে ভূষিত শেন ওয়াটসন…

  • | | |

    সেম্যুর নার্স

    ১০ নভেম্বর, ১৯৩৩ তারিখে বার্বাডোসের জ্যাক-মাই-ন্যানি গ্যাপ এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার, প্রশাসক ও কোচ ছিলেন। মূলতঃ মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে অফ-ব্রেক বোলিংয়ে পারদর্শী ছিলেন। এছাড়াও, উইকেটের কাছাকাছি এলাকায় দূর্দান্ত ফিল্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ১৯৬০-এর দশকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। আক্রমণাত্মক ধাঁচে ব্যাটিং করতেন। খেলোয়াড়ী জীবনের শুরুতে…

  • |

    উসমান খাজা

    ১৮ ডিসেম্বর, ১৯৮৬ তারিখে পাঞ্জাবের ইসলামাবাদে জন্মগ্রহণকারী বিখ্যাত ক্রিকেটার। মূলতঃ শীর্ষসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। বামহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী। অস্ট্রেলিয়ার পক্ষে সকল স্তরের আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। খাজা তারিক ও ফোজিয়া তারিক দম্পতির সন্তান। শিশু অবস্থায় পরিবারের সাথে নিউ সাউথ ওয়েলসে অভিবাসিত হন। ওয়েস্টফিল্ডস হাই স্কুলে অধ্যয়ন করেছেন। ‘উজি’ ডাকনামে ভূষিত উসমান খাজা…

  • | | |

    হ্যারি লি

    ২৬ অক্টোবর, ১৮৯০ তারিখে লন্ডনের মেরিলেবোন এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার, আম্পায়ার ও কোচ ছিলেন। মূলতঃ ব্যাটসম্যান হিসেবে দলে ভূমিকা রেখেছিলেন। ডানহাতে ব্যাটিং কর্মে মনোনিবেশ ঘটাতেন। ১৯৩০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছিলেন। খাঁটিসম্পন্ন ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। লি ভ্রাতৃত্রয়ের মধ্যে বয়োজ্যেষ্ঠ ছিলেন। ১৯১১ থেকে ১৯৩৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ক্রিকেটে…

  • | |

    মাশরাফি বিন মর্তুজা

    মাশরাফি বিন মর্তুজা দল বাংলাদেশ ইংরেজি নাম Mashrafe Mortaza পূর্ণাঙ্গ নাম মাশরাফি বিন মর্তুজা ডাক নাম কৌশিক, হৃদয়ের রাজপুত্র জন্ম ৫ অক্টোবর, ১৯৮৩নড়াইল, বাংলাদেশ উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি (১.৮৭ মিটার) পরিবার গোলাম মর্তুজা (পিতা); হামিদা মর্তুজা (মাতা); সুমনা হক সুমী (স্ত্রী); হুমাইরা মর্তুজা (কন্যা) ব্যাটিং ডানহাতি বোলিং ডানহাতি ফাস্ট-মিডিয়াম ফিল্ডিং — ভূমিকা বোলার, অধিনায়ক,…

  • | |

    আর্থার কার

    ২১ মে, ১৮৯৩ তারিখে সারের মিকলহাম এলাকায় জন্মগ্রহণকারী ক্রিকেটার ছিলেন। দলে মূলতঃ ব্যাটসম্যান হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিং করতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিং করেও সাফল্য পেয়েছেন। ১৯২০-এর দশকে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়েছেন। পাশাপাশি, ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন। ১৯১০ থেকে ১৯৩৪ সময়কালে প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন অতিবাহিত করেছেন। ঘরোয়া আসরের প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের…